ইরানে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরানে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি তেহরান।

শনিবার (৭ নভেম্বর) হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

প্রাথমিক প্রতিবেদনে দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা বলা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সামরিক বাহিনী শুক্রবার ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে নতুন সীমিত হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথে অবস্থিত কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সামরিক পদক্ষেপটিকে ‘সামান্য’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘ওরা (ইরান) একটা ছোট বিমান-বিধ্বংসী যন্ত্র তৈরি করেছিল। আমরা প্রায় ১৫ মিনিট, হয়তো পাঁচ মিনিটের মধ্যে সেটা ধ্বংস করে দিয়েছি।’

কেশম দ্বীপে বিস্ফোরণের খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, দ্বীপটির আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হয়নি, এমন খবর প্রচারিত হচ্ছে। তবে এটাকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয়।

শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, দুপক্ষ এখনো একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। এতে সহায়তা করতে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স

/জেএইচ/