ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

সিটিজেন জার্নাল
সিটিজেন জার্নাল
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের কেশম দ্বীপ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে হামলা চালিয়েছে ওয়াশিংটন।

স্থানীয় সময় সোমবার (২ নভেম্বর) মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এর আগে হরমুজ প্রণালির কাছে অবস্থিত দ্বীপটিতে একাধিক বিস্ফোরণের খবর জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ।

প্রেসিডেন্ট ট্রাম্প যখন কূটনৈতিক চুক্তির সম্ভাবনার কথা বলছেন, ঠিক সেই সময়ে এই হামলার খবর সামনে এলো। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটনের চালানো সীমিত হামলাগুলোর মধ্যে এটি সর্বশেষ। এসব হামলা তুলনামূলক ছোট পরিসরে হচ্ছে। এগুলো ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হচ্ছে, যাতে ইরানের বিরুদ্ধে বড় সামরিক অভিযান আবার শুরুর কোনো ইঙ্গিত না যায়।

মঙ্গলবারের (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধে জড়ানোর সম্ভাবনাকে খাটো করে দেখানোর ট্রাম্পের প্রচেষ্টার জেরেই এই হামলাটি হলো।

এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া বন্দর লেঙ্গেহেতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দ্বীপটির বাসিন্দারা আকাশে দুটি উড়োজাহাজ উড়তে দেখেছেন।

বিস্ফোরণের কারণ বা এতে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালানোর হুমকি বাস্তবায়ন করবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। একইসঙ্গে তেহরানের সঙ্গে সমঝোতা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার কথা ভাবছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প ‘না’ বলে জবাব দেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ চলছে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স, আনাদোলু এজেন্সি, আল জাজিরা

/জেএইচ/