একই মঞ্চে গাইবে জেমসসহ ৭ ব্যান্ড, কোথায় কখন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
একই মঞ্চে গাইবে জেমসসহ ৭ ব্যান্ড, কোথায় কখন
জেমস

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘কনসার্ট ফর সলিডারিটি’ অনুষ্ঠিত হবে। এতে নগরবাউল জেমসসহ দেশের সাতটি ব্যান্ড সংগীত পরিবেশন করবেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই কনসার্টে দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ গান শুনতে কোনো টিকিট লাগবে না। এতে জেমসের নগরবাউল ছাড়াও অংশ নেবে ‘মাইলস’, ‘ওয়ারফেজ’, ‘শিরোনামহীন’, ‘আর্টসেল’, ‘মেকানিক্স’, ও ‘ফিডব্যাক’।

সূচি অনুযায়ী, শনিবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। আর সংগীত পরিবেশনা শুরু হবে বিকাল ৪টায়।

একই মঞ্চে দেশের জনপ্রিয় ৭টি ব্যান্ডের পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে জেমস, ওয়ারফেজ, মাইলস ও আর্টসেলের পরিবেশনা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্ত-অনুরাগীরা।

এদিকে কনসার্টে অংশ নেওয়ার খবর নিশ্চিত করেছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। পাশাপাশি শ্রোতাদের আমন্ত্রণও জানিয়েছে তারা। সামাজিকমাধ্যমে ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য।’

/জেএইচ/