জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা। ছবি: পিএমও

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) সকালে সাড়ে ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরে গিয়ে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম, উত্তর সিটির (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। এদিন বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হবে। এতে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

/জেএইচ/