সৌদি আরবে সেনা মোতায়েনের পথে তুরস্ক

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সৌদি আরবে সেনা মোতায়েনের পথে তুরস্ক
মক্কা চুক্তির আওতায় সৌদি আরবে সেনা মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে গঠিত ঐতিহাসিক মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে সৌদি ভূখণ্ডে তুর্কি সেনা মোতায়েন করার প্রক্রিয়াটি আরও এক ধাপ এগিয়ে গেল।

মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, এ বিলটির পক্ষে ভোট দিয়েছেন তুরস্কের ২৭৯ জন সংসদ সদস্য। আর ভোটদান থেকে বিরত ছিলেন ১১৯ জন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টি এবং তাদের রাজনৈতিক জোটের সংসদ সদস্যরা এ বিলের পক্ষে শক্ত অবস্থান নেন। এমনকি বিরোধী দলের অনেকেও এতে সমর্থন জানান। আগামী সপ্তাহেই প্রেসিডেন্ট এরদোয়ান বিলটি গেজেট আকারে প্রকাশ করবেন এবং সেদিন থেকেই এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

এ ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তির মূল উদ্দেশ্য হলো তিন দেশের নিজেদের নিরাপত্তা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিশ্চিত করা। চুক্তির শর্ত অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলোর কেউ যদি কোনো সশস্ত্র হামলার শিকার হয়, তবে বাকি দেশগুলো তাৎক্ষণিকভাবে তার সুরক্ষায় এগিয়ে আসবে। আগস্টে পবিত্র নগরী মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সশরীরে উপস্থিত হয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।

বিশেষ করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রায় প্রতিদিনের হামলার মুখে সৌদি আরব যখন নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, ঠিক সেই সময়ে তুরস্কের পার্লামেন্টে এ বিল পাস হলো। চুক্তির বিধান অনুযায়ী, সৌদি আরবকে রক্ষা করতে দেশটিতে তুর্কি সেনা পাঠানো হতে পারে। তবে এসব সেনা সরাসরি ইয়েমেনে প্রবেশ করে কোনো স্থলযুদ্ধে অংশ নাও নিতে পারে। এর পরিবর্তে তারা সৌদি আরবেই অবস্থান করে দেশটির নিজস্ব ভূখণ্ড সুরক্ষায় সহযোগিতা করবে।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএকে/