আরব উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, নাবিক নিহত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আরব উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, নাবিক নিহত
তেলবাহী ট্যাঙ্কার

আরব উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির এক নাবিক নিহত হয়েছেন।

এমটি ভেলোস নামের ট্যাঙ্কারটি বাহরাইনের উদ্দেশে যাওয়ার পথে হামলার শিকার হয়। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভেলোস ট্যাঙ্কার্স শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বৃহস্পতিবার চালানো ওই হামলায় তাদের একজন নাবিক গুরুতর আহত হন এবং একপর্যায়ে নিখোঁজ হয়ে যান। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তবে এই ঘটনায় জাহাজের অন্য কোনো ক্রু সদস্য আহত হননি।

একটি অজ্ঞাত বস্তু ট্যাঙ্কারটির বাম দিকের পেছনের অংশে আঘাত হানায় বিস্ফোরণটি ঘটে এবং এতে আগুন ধরে যায়। তবে জাহাজের ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পাশাপাশি এ ঘটনায় সমুদ্রের পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঘটনার পর ট্যাঙ্কারটি বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে গিয়ে নোঙর করে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু করা হবে। একইসঙ্গে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির বাইরের কাঠামোর কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেটিও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে এথেন্সভিত্তিক কোম্পানিটি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে আরব ও পারস্য উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোতে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। তবে বাহরাইনগামী এমটি ভেলোস ট্যাংকারে চালানো সর্বশেষ হামলায় ইরানি সেনারা জড়িত কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

/জেএইচ/