শিরোনাম

হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হরমুজ প্রণালি। ছবি: ইন্ডিয়া টুডে

পরমাণু চুক্তি ও হরমুজ প্রণালি নিয়ে সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথটি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২১ মে) সাংবাদিকদের ট্রাম্পকে হরমুজে টোল আদায় নিয়ে জিজ্ঞাসা করলে তিনি এ কথা বলেন। হরমুজ আন্তর্জাতিক জলসীমায়, সেখানে টোল আদায় গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা। আমাদের নৌ-অবরোধ ১০০ শতাংশ কার্যকর। কেউ এই অবরোধ ভাঙতে পারেনি।’ এটি অনেকটা লোহার দেওয়ালের মতো বলেও মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ‘আমরা এটি মুক্ত চাই। আমরা টোল চাই না। এটি একটি আন্তর্জাতিক জলসীমা, আন্তর্জাতিক জলপথ।’

এমন এক সময় ট্রাম্পের এই মন্তব্য এলো, যখন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেন, গত ২৪ ঘণ্টায় হরমুজ দিয়ে ২৪টি জাহাজ পার হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালালে শুরু হয় মধ্যপ্রাচ্য সংকট। বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবহন করা জলপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান। গত ১৩ এপ্রিল পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর পর থেকেই দেশটি দাবি করে আসছে হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/