শিরোনাম

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষ, তবে হামলার শঙ্কা রয়ে গেছে

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষ, তবে হামলার শঙ্কা রয়ে গেছে
ওমানের রাজধানী মাসকটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ বৈঠকে অংশ নেয় (ছবি: আল-জাজিরা)

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ বৈঠক শেষ হয়েছে। ওমানের মধ্যস্থতায় হওয়া এই বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে ইরান। তবে এই বৈঠক ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর আশঙ্কা দূর করার কোনো বার্তা দেয়নি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাসকট শহরে এই বৈঠক হয়।

ইরানের প্রতিনধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার বঠৈকে অংশ নেন।

এই বৈঠকে মধ্যস্থতা করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি তাঁর ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মতামত শোনা হয়েছে। তিনি আরও বলেন, দুই পক্ষের আলোচনাকে ভালো শুরু বলা যেতে পারে। আলোচনা অব্যাহত থাকবে। তবে বিস্তারিত বিষয়গুলো দুই দেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক হবে।‘

তিনি আরও বলেন, আমরা এই ইতিবাচক পথে এগিয়ে যেতে পারলে আমি বলতে পারি, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা সংক্রান্ত ইতিবাচক এক কাঠামোতে পৌঁছাতে পারব।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের উদ্বেগগুলো যেমন জানানো হয়েছে, তেমনি আমাদের স্বার্থ এবং ইরানের জনগণের অধিকারের বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। অত্যন্ত চমৎকার পরিবেশে আলোচনা শেষ হয়েছে।’

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে একাধিকবার আলোচনা করেছেন এবং একপক্ষকে অপরপক্ষের বার্তা পৌঁছে দিয়েছেন। আলোচনা শেষে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো স্পষ্ট করা এবং এগুলো চিহ্নিত করার ক্ষেত্রে এই বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে।

সূত্র: আল-জাজিরা

/বিবি/