হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাঙ্কার ও টাগবোটে আগুন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাঙ্কার ও টাগবোটে আগুন
হরমুজ প্রণালি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে দুটি তেল ট্যাঙ্কার এবং একটি টাগবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে আইআরজিসি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

২৮ ফেব্রুয়ারি সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকেই এ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কার চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে তেহরান। উল্লেখ্য, বিশ্বজুড়ে ব্যবহৃত মোট তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগই পারাপার হয় এ সরু পথ দিয়ে। উদ্ভূত পরিস্থিতিতে ইরানকে কোণঠাসা করতে দেশটির বন্দরগুলোর ওপর কড়া অবরোধ দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাণিজ্যিক ট্যাঙ্কারগুলোকে নিরাপদে পার করে দিতে পাহারাদারের ভূমিকা নেয় তারা।

ফার্স নিউজ এজেন্সিকে আইআরজিসি জানিয়েছে, গত রাতে দুটি পৃথক ঘটনায়, হরমুজ প্রণালির দক্ষিণে নির্দিষ্ট পথের বাইরে দিয়ে যাওয়ার সময় একটি তেল ট্যাঙ্কার মাইনের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে গেলে সেটিকে থামিয়ে দেওয়া হয়।

এদিকে প্রণালির পূর্ব অংশ দিয়ে বের হওয়ার মুহূর্তে তীব্র অগ্নিকাণ্ডের মুখে পড়ে আরেকটি সুপারট্যাঙ্কার, যার ফলে ওখানেই থমকে যায় জাহাজটি। বিপদ টের পেয়ে আগুন নেভাতে এগিয়ে এসেছিল একটি টাগবোট, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটিতেও আগুন ধরে যায়।

সূত্র: খালিজ টাইমস

/এমএকে/