শিরোনাম

গাজার অবস্থা এখন কেমন

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
গাজার অবস্থা এখন কেমন
গাজায় ধ্বংসস্তূপের মধ্যেই শিশুকে নিয়ে খেলছেন এক বাবা

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা গাজায় শাসন পরিচালনা পর্ষদ ভেঙে দিচ্ছে এবং জাতিসংঘ-সমর্থিত একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার দেশটির হামলায় এখন পর্যন্ত ৭৩ হাজারের অধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ২২ হাজারের বেশি শিশু। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৭২ হাজার মানুষ।

গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুসারে, শত শত ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে গাজায় আটক সর্বশেষ বন্দীদের মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু ইসরায়েল তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে চলেছে। মানবিক সহায়তার প্রবেশে বাধা দেওয়া এবং হাজার হাজার অসুস্থ ও আহত মানুষের চিকিৎসার জন্য অন্য দেশে নেওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে।

সেইসঙ্গে প্রতিদিনই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ১,০০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। পাশাপাশি ভূখণ্ডটির ৭০ শতাংশেরও বেশি অংশ নিয়ন্ত্রণে নিয়েছে।

গাজায় মানবিক পরিস্থিতি এখনও ভয়াবহ। উপত্যকাটির ২০ লক্ষ মানুষের অধিকাংশই ইঁদুরে ভরা ঘিঞ্জি ও নোংরা তাবু শিবিরে বাস করছে। স্বাস্থ্যসেবার সুযোগ তাদের প্রায় নেই বললেই চলে।

ইসরায়েলের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা উল্লেখ করে হামাস নিরস্ত্র হতে অস্বীকৃতি জানিয়েছে। তারা সতর্ক করেছে, একটি দখলকৃত জনগোষ্ঠীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিলে তারা ‘নির্মূল করার সহজ শিকারে’ পরিণত হবে।

এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক মন্ত্রী আলী শাথের নেতৃত্বে গাজা শাসনের জন্য একটি টেকনোক্র্যাটিক কমিটি গঠিত হয়েছিল। তবে তারা গাজায় প্রবেশ করতে পারেনি।

এদিকে বহুজাতিক আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গাজায় ইসরায়েলি ও ফিলিস্তিন-নিয়ন্ত্রিত এলাকাগুলোর মধ্যে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। তাদের প্রথম কৌশলগত যানবাহনগুলো গাজা উপত্যকার বাইরে একটি ঘাঁটিতে এসে পৌঁছেছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/