শিরোনাম

নোবেলজয়ী অর্থনীতিবিদ

ইরান যুদ্ধ সত্ত্বেও বৈশ্বিক অর্থনৈতিক ধসের আশঙ্কা কম

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধ সত্ত্বেও বৈশ্বিক অর্থনৈতিক ধসের আশঙ্কা কম
ইরানের তেল শোধনাগারে হামলার পর ধোঁয়ার কুন্ডুলি। ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কমাতে পারে, তবে ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের মতো বড় ধস নামার সম্ভাবনা কম বলে মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ফিলিপ আগিওঁ।

ফ্রান্সের আরটিএল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯৭৩ সালের তেল সংকটের মতো পরিস্থিতি হতে পারে। যদি যুদ্ধ কয়েক সপ্তাহের বেশি সময় ধরে চলে, তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারের বেশি হয়ে যায় এবং মুদ্রাস্ফীতি দ্রুত বাড়তে থাকে তবে।

১৯৭৩ সালে আরব ওপেকভুক্ত দেশগুলো ইসরায়েলকে সমর্থন দেওয়া দেশগুলোর ওপর তেল নিষেধাজ্ঞা আরোপ করায় তেলের দাম হঠাৎ বেড়ে যায়। এতে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থবিরতা দেখা দেয়।

আগিওঁ বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য উন্নত দেশকে সমন্বিত নীতি গ্রহণ করতে হবে।

তার মতে, দীর্ঘমেয়াদি ও বিস্তৃত সংঘাত বৈশ্বিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে। তবে তিনি বলেন, ‘আমি কিছুটা ধীরগতির আশঙ্কা দেখছি, কিন্তু ২০০৮ সালের আর্থিক সংকটের মতো কোনো ধস দেখতে পাচ্ছি না।’

সূত্র: আল জাজিরা

/জেএইচ/