শিরোনাম
সরাসরি

ইরানে নতুন করে বড় হামলা চালিয়েছে ইসরায়েল

১৭: ৫৭

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ১,২৫৫

ইরানে গত নয় দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় ১,২৫৫ জন নিহত এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিহতদের বয়স ৮ মাস থেকে ৮৮ বছর পর্যন্ত। নিহতদের মধ্যে ২০০ জন নারী রয়েছেন।

এ ছাড়া মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্য খাতেও বড় ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় ৫৫ জন স্বাস্থ্যকর্মী আহত এবং ১১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন চিকিৎসক, দুজন নার্স এবং তিনজন জরুরি সেবা কর্মী রয়েছেন।

১৭: ৪১

ইরানে নতুন করে বড় হামলা চালিয়েছে ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরান, ইসফাহান এবং দক্ষিণাঞ্চলে ইরানি শাসনব্যবস্থার অবকাঠামো লক্ষ্য করে বড় পরিসরের নতুন হামলা শুরু করেছে।

সেনাবাহিনীর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানের ‘সন্ত্রাসী শাসনের অবকাঠামো’ লক্ষ্য করে এই বিস্তৃত হামলার ঢেউ শুরু করা হয়েছে।

তবে বিবৃতিতে হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

সূত্র: আল জাজিরা

১৭: ৩৯

সংসদ নির্বাচন দুই বছর পিছিয়েছে লেবানন পার্লামেন্ট

সংসদ নির্বাচন দুই বছর পিছিয়েছে লেবানন পার্লামেন্ট
লেবাননে ইসরায়েলি হামলার পরের দৃশ্য। ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের ক্রমাগত আক্রমণের মুখে সংসদ নির্বাচন দুই বছরের জন্য পিছিয়ে দিয়েছে লেবাননের পার্লামেন্ট। পার্লামেন্টের স্পিকারের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী মে মাসে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ইসরায়েল ও ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার চলমান যুদ্ধের কারণে এই নির্বাচন দুই বছর স্থগিত করা হয়েছে। খবর আল জাজিরার।

সোমবার (৯ মার্চ) এ বিষয়ে বৈঠকে বসেন সংসদ সদস্যরা। বৈঠকে হিজবুল্লাহর পার্লামেন্টারি ব্লকের প্রধান মোহাম্মদ রাদও উপস্থিত ছিলেন।

বৈঠকের সময়ই বৈরুতের দক্ষিণ উপশহরের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৭: ১০

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে পুতিনের অভিনন্দন, পাশে থাকার অঙ্গীকার

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে পুতিনের অভিনন্দন, পাশে থাকার অঙ্গীকার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ায় মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছে ক্রেমলিন।

পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন মুজতবা খামেনি সম্মানের সঙ্গে তার পিতার কাজ এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরিস্থিতির মুখে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন।

তিনি আরও জানান, রাশিয়া তেহরানের পাশে থাকবে এবং ‘আমাদের ইরানি বন্ধুদের প্রতি অটল সমর্থন ও সংহতি’ অব্যাহত থাকবে।

সূত্র: আল জাজিরা

১৬: ৪৭

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা মাগেন ডেভিড আদোম জানিয়েছে, মধ্য ইসরায়েলের ইয়েহুদ এলাকায় হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।

যে জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, সেখানে নির্মাণকাজ চলছিল। এছাড়া ইসরায়েলের আরেকটি এলাকায় গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরে বিস্ফোরকের ধাতব টুকরোর গুরুতর আঘাত রয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা জবাব দেওয়া শুরু করে। তারা ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘স্থাপনা’ নিশানা করে হামলা চালাচ্ছে।

ইরান আজ ইসরায়েলসহ উপসাগরীয় বিভিন্ন দেশে নতুন করে হামলা চালিয়েছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার কয়েক ঘণ্টা পরই দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায়।

সূত্র: বিবিসি, আল জাজিরা

১৬: ৪২

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রক্ষণশীল সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে ট্রাম্প এ কথা বলেছেন।

ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প তাকে বলেছেন, ‘আমি সন্তুষ্ট নই।’

এ বিষয়ে কিলমিড আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। অন্যদিকে ট্রাম্প এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সূত্র: বিবিসি

১৬: ৩৬

ইরানি ক্ষেপণাস্ত্রের সতর্কতায় ইসরায়েলের একাধিক শহরে সাইরেন

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর ইসরায়েলের উত্তর ও দক্ষিণের একাধিক শহরে (বিমান হামলার সতর্কতা) সাইরেন বেজে উঠেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর সতর্কবার্তা অনুযায়ী, দক্ষিণের নেগেভ অঞ্চলের তেল আরাদ ও দিমোনা এলাকায় সাইরেন শোনা গেছে। দিমোনা এলাকাতেই ইসরায়েলের পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত। পশ্চিম নেগেভ এলাকাতেও একই ধরনের সতর্কতা জারি করা হয়।

একই সময় উত্তর ইসরায়েলের হাইফা থেকে টিবেরিয়াস, জেজরেল উপত্যকা, বেইসান শহর এবং লোয়ার গ্যালিলি অঞ্চলজুড়েও সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলে কোনো হামলা হলে সাধারণত প্রথমে আগাম সতর্কবার্তা দেওয়া হয়। এরপর কয়েক মিনিট, সাধারণত পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে লক্ষ্যবস্তু এলাকাগুলোতে সাইরেন বাজতে শুরু করে। এরপর ক্ষেপণাস্ত্র প্রতিহত করা বা ক্ষেপণাস্ত্র আঘাত হানার ফলে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সূত্র: আল জাজিরা