নদীদূষণের চ্যালেঞ্জ নিয়েই ঢাকায় ফিরছে ওয়াটার বাস

নদীদূষণের চ্যালেঞ্জ নিয়েই ঢাকায় ফিরছে ওয়াটার বাস
ঢাকার সদরঘাট দিয়ে আগে ওয়াটার বাস চলাচল করতো। যাত্রী সংকটসহ নানা কারণে এখন এই ঘাট দিয়ে আর ওয়াটার বাস চলাচল করে না। ছবি: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

ঢাকার সড়কগুলোতে যানজটে অনেক কর্মঘণ্টা নষ্ট হয়। পোহাতে হয় চরম ভোগান্তি। এই চিত্র নিত্যদিনের। যানজটের এই দুর্ভোগ ও ক্ষতি কমাতে রাজধানীর চারপাশের নদীগুলোতে আবারও ওয়াটার বাস চালু করছে সরকার। গাবতলী, আশুলিয়া, টঙ্গী, সদরঘাট ও নারায়ণগঞ্জকে কেন্দ্র করে প্রায় ১১০ কিলোমিটার দীর্ঘ বৃত্তাকার নৌপথে চলবে এসব ওয়াটার বাস (যাত্রীবাহী নৌযান)। এর আগে গত দুই দশকে কয়েক দফায় এই নৌ-সেবা চালু করা হলেও তা মুখ থুবড়ে পড়ে।

সংশ্লিষ্টদের মতে, এর আগে এই পথে ওয়াটার বাস চালু করা হলেও নদীদূষণ, যাত্রী সংকট, লোকসান, অব্যবস্থাপনাসহ নানা কারণে সেই উদ্যোগ সম্পূর্ণ ব্যর্থ হয়। ওই সময় পুরো পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ১২২ কোটি টাকা ব্যয়ের বিপরীতে আয় হয়েছিল মাত্র ২ কোটি ৫২ লাখ টাকা। তখন চালু করা ১২টি ওয়াটার বাসের মধ্যে ৯টিই এখন বিকল।

নগর পরিকল্পনাবিদদের মতে, অতীতের তিক্ত অভিজ্ঞতার পর নতুন করে ওয়াটার বাস চালুর উদ্যোগে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নদীর দূষণ নিয়ন্ত্রণ, নৌপথের নাব্যতা, ঘাটের সঙ্গে সড়ক যোগাযোগের সুবিধা এবং পর্যাপ্তসংখ্যক যাত্রী নিশ্চিত করার বিষয়গুলো।

বিআইডব্লিউটিসির ১২টি ওয়াটার বাসের মধ্যে ৯টিই বিকল হয়ে পড়ে আছে। দীর্ঘদিন ব্যবহার না করায় নৌযানগুলোর বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়েছে, কোথাও মরিচা ধরেছে, ভেঙেছে কাচ।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার চারপাশের নদ-নদী, খাল ও জলাশয়ের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনাসংক্রান্ত কেন্দ্রীয় সেলের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় নতুন করে ওয়াটার বাস চালুর বিষয়ে সিদ্ধান্ত আসে। সভায় এই নৌযান চালু এবং মানুষের চলাচল সহজ করতে প্রয়োজনীয় সংখ্যক নৌ-ঘাট স্থাপনের দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ নৌবাহিনীকে দেওয়া হয়। পাশাপাশি নদীর দুই তীরে গাইডওয়াল, ওয়াকওয়ে নির্মাণ, বর্জ্য অপসারণ ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে পর্যটনকেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্তও নেওয়া হয়। আর অল্প সময়ের মধ্যেই এটি বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।

আগেও কয়েক দফা উদ্যোগ, শেষ পর্যন্ত ব্যর্থ

ঢাকার চারপাশের নদীগুলোকে ঘিরে বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা নতুন নয়। ২০০৪ সালে প্রথম সদরঘাট থেকে আশুলিয়া ও আমিনবাজার পর্যন্ত ছোট নৌযান দিয়ে ওয়াটার ট্যাক্সি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু যাত্রী সংকট ও পরিচালনাগত সমস্যায় অল্প সময়ের মধ্যেই তা বন্ধ হয়ে যায়।

২০১০ সালের ২৮ আগস্ট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার পথে ‘এমভি বুড়িগঙ্গা’ ও ‘এমভি তুরাগ’ নামে দুটি ওয়াটার বাস চালু করে। বসিলা, খোলামোড়া ও সোয়ারীঘাট হয়ে চলাচল করা এসব নৌযানে গন্তব্যে পৌঁছাতে প্রায় ৫০ মিনিট সময় লাগত। কিন্তু এই সেবাও এক বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। পরে ২০১৩ ও ২০১৪ সালে আরও ১০টি ওয়াটার বাস যুক্ত করে বহর বাড়ানো হয়। টঙ্গী-নারায়ণগঞ্জ রুটেও তখন এই সেবার পরিধি বাড়ানো হয়। তবে কোনো রুটেই শেষ পর্যন্ত তা চালু রাখা সম্ভব হয়নি।

ঢাকাবাসীর সুবিধার জন্য নতুন করে ওয়াটার বাস চালু করা হবে। তবে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে প্রথমে তা পরীক্ষামূলক হিসেবে দেখা হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

সংশ্লিষ্টদের মতে, আগের উদ্যোগগুলোতে বড় সমস্যা ছিল যাত্রীদের প্রয়োজনের সঙ্গে নৌপথের সময় ও অবস্থানের সামঞ্জস্য না থাকা। অনেক ক্ষেত্রে সড়কপথে যে গন্তব্যে দেড় থেকে দুই ঘণ্টায় পৌঁছানো যেত, নদীপথে সেখানে আড়াই থেকে তিন ঘণ্টা লাগত। ফলে অতিরিক্ত সময় ব্যয়ের কারণে ওয়াটার বাস ব্যবহারে যাত্রীদের আগ্রহ তৈরি হয়নি। অন্যদিকে ঘাট থেকে মূল সড়কে যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় যাত্রীদের বাড়তি ভোগান্তি পোহাতে হতো। নদীর পানির দুর্গন্ধ, বর্জ্য এবং নাব্যতা সংকটও সেবাটিকে জনপ্রিয় হতে দেয়নি।

১২২ কোটি টাকা ব্যয়, আয় মাত্র আড়াই কোটি

ওয়াটার বাস চালু ও বৃত্তাকার নৌপথের অবকাঠামো উন্নয়নে সরকারের বড় অঙ্কের অর্থ ব্যয় হয়েছে। বিআইডব্লিউটিসি ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য অনুযায়ী, নৌপথ খনন, নৌঘাট (ল্যান্ডিং স্টেশন) ও টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে দুই ধাপে ব্যয় হয়েছিল প্রায় ৮৩ কোটি ৫০ লাখ টাকা। অন্যদিকে ১২টি ওয়াটার বাস নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হয় প্রায় ৩৭ কোটি ৮৭ লাখ টাকা। সব মিলিয়ে এই উদ্যোগ বাস্তবায়নে সরকারের ব্যয় হয় প্রায় ১২২ কোটি টাকা।

এছাড়া এই ওয়াটার বাস চালু করতে পরিচালন ব্যয় হয়েছে আরও ৩৭ কোটি ৮৭ লাখ টাকা। বিপরীতে আয় হয়েছিল মাত্র ২ কোটি ৫২ লাখ টাকা। এতে শুধু ওয়াটার বাস পরিচালনাতেই সরকারের লোকসান দাঁড়ায় ৩৫ কোটি ৩৫ লাখ টাকা। নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, গত ১০ বছরে এ সেবা পরিচালনায় বিআইডব্লিউটিসির প্রায় ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে।

এ দিকে বর্তমানে বিআইডব্লিউটিসির ১২টি ওয়াটার বাসের মধ্যে ৯টিই বিকল হয়ে পড়ে আছে। দীর্ঘদিন ব্যবহার না করায় নৌযানগুলোর বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়েছে, কোথাও মরিচা ধরেছে, ভেঙেছে কাচ। এসব নৌযান স্ক্র্যাপ হিসেবে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি তিনটি নৌযান ঢাকার বাইরে আরিচা-কাজিরহাট রুটে চার্টার বা ভাড়াভিত্তিক ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে। আগের নির্মিত ৪৫টি ঘাটের (ল্যান্ডিং স্টেশন) মধ্যে অধিকাংশই অব্যবহৃত থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে।

ঢাকার সদরঘাট থেকেও ওয়াটার বাস চলাচল করতো। কিন্তু যাত্রী না পাওয়ায় এখন এই ঘাট দিয়ে এসব নৌযান চলাচল বন্ধ রয়েছে। সদরঘাটের টিকিট বিক্রেতা জসিম উদ্দিন বলেন, ‌‘বেশ কয়েক বছর আগে এই ঘাট দিয়ে ওয়াটার বাস চলাচল করতে দেখেছি। ঘাটের পূর্বদিকে একটা ও পশ্চিম দিকে আরেকটা পন্টুন থেকে যাত্রী উঠত। এখনও ঘাটে এসে মাঝেমাঝে যাত্রীরা ওয়াটার বাসের বিষয়ে জানতে চান। কিন্তু কেন বন্ধ হয়ে গেছে বা আবার চালু হবে কি না, তা আমাদের জানা নেই।’

বড় চ্যালেঞ্জগুলো কী

নগর পরিকল্পনাবিদের মতে, নতুন করে ওয়াটার বাস চালুর ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা নদীদূষণ। বিভিন্ন সংস্থার জরিপে, ঢাকার চারপাশের নদীগুলোতে মোট ৪২৪টি স্থান দিয়ে বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১টি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬টি, ঢাকা ওয়াসার ৬৬টি এবং বিভিন্ন শিল্পকারখানার ১৫০টি দূষণস্থল রয়েছে। এখনও সেই চিত্রে পরিবর্তন আসেনি। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদী ঘিরে প্রস্তাবিত নৌপথের বড় অংশেই শিল্পবর্জ্য, পয়ঃনিষ্কাশনের লাইনের বর্জ্য নদীতে মিশছে। ফলে নদীর পানি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি পরিবেশগত সমস্যাও তৈরি হয়েছে।

দূষণের পাশাপাশি নৌপথের নাব্যতা ধরে রাখাও বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুষ্ক মৌসুমে নদীগুলোতে পানির প্রবাহ কমে যাওয়ায় অনেক স্থানে নৌযান চলাচল ব্যাহত হয়। এ ছাড়া নদীর বিভিন্ন অংশে সেতুর উচ্চতা কম থাকায় ওয়াটার বাস চলাচলে বাধা তৈরি হতে পারে। ঘাটের সঙ্গে সড়ক যোগাযোগের বিষয়টিও গুরুত্বপূর্ণ। আগের অভিজ্ঞতায় দেখা গেছে, যাত্রীরা নৌযানে উঠতে বা নেমে গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে চাইতেন না।

নগর পরিকল্পনাবিদদের মতে, অতীতের তিক্ত অভিজ্ঞতার পর নতুন করে ওয়াটার বাস চালুর উদ্যোগে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নদীর দূষণ নিয়ন্ত্রণ, নৌপথের নাব্যতা, ঘাটের সঙ্গে সড়ক যোগাযোগের সুবিধা এবং পর্যাপ্তসংখ্যক যাত্রী নিশ্চিত করার বিষয়গুলো।

এ বিষয়ে নগরবিদ স্থপতি ইকবাল হাবিব সিটিজেন জার্নালকে বলেন, ‘দুর্গন্ধ সহ্য করে যাতায়াত করতে যাত্রীরা কতটা আগ্রহী হবেন, সেটি বিবেচনায় রাখবে হবে। এই সেবা সফল করতে হলে তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে। নদীর নাব্যতা ঠিক রাখতে হবে। বিশেষ করে বুড়িগঙ্গা, তুরাগ ও ধলেশ্বরী নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে ড্রেজিং জরুরি। ঘাটগুলো ব্যবহারযোগ্য করার পাশাপাশি এগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ করতে হবে।’

পরিকল্পনাটি বাস্তবায়নে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা বড় প্রতিবন্ধকতা বলেও মনে করেন এই নগরবিদ। তার কথায়, ‘এসব পরিকল্পনা টেকসই করতে বিভিন্ন কারিগরি এজেন্সি এবং জনসাধারণকেও যুক্ত করতে হবে। তাদের মতামত নিতে হবে। না হলে বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় না থাকায় অতীতেও এ ধরনের উদ্যোগ সফল হয়নি।’

যাত্রী ও পরিচালন ব্যয়ের হিসাব করে পরবর্তী পরিকল্পনা

ঢাকাবাসীর সুবিধার জন্য নতুন করে ওয়াটার বাস চালু করা হবে। তবে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে প্রথমে তা পরীক্ষামূলক হিসেবে দেখা হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ দূরত্বের যাত্রায় সড়কপথের তুলনায় নদীপথে বেশি সময় লাগলে যাত্রীরা আগ্রহী নাও হতে পারেন। তবে পর্যটন এবং স্বল্প দূরত্বে যাত্রী চলাচলের উপযোগী রুটে সম্ভাবনা রয়েছে। গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত অংশকে এক্ষেত্রে তুলনামূলক সুবিধাজনক মনে করা হচ্ছে। এবারের উদ্যোগে বেসরকারি উদ্যোক্তাদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পর্যাপ্তসংখ্যক নৌযান থাকলে ১৫ থেকে ২০ মিনিট পরপর ওয়াটার বাস ছাড়ার মতো ব্যবস্থা করা হবে, এতে যাত্রীদের দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হবে না।

নতুন করে কোনো ঘাট নির্মাণ করা হয়নি। তবে বিদ্যমান যেসব স্থাপনা ও ঘাট রয়েছে, সেগুলো পুনরায় চালু ও ব্যবহারের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ওয়াটার বাস চালু করা হবে। মো. আতাউর রহমান খান সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়

এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান সিটিজেন জার্নালকে বলেন, ‘নতুন করে কোনো ঘাট নির্মাণ করা হয়নি। তবে বিদ্যমান যেসব স্থাপনা ও ঘাট রয়েছে, সেগুলো পুনরায় চালু ও ব্যবহারের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ওয়াটার বাস চালু করা হবে। মন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী প্রথমে দেখা হবে মানুষের কাছ থেকে কেমন সাড়া পাওয়া যায় এবং পরিচালনায় কেমন খরচ হয়। তার ওপর নির্ভর করবে পরবর্তী কর্মপরিকল্পনা।’

/বিবি/