চাপ ও হুমকির মুখে শর্ত শিথিল করবে না ইরান: বাঘাই

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
চাপ ও হুমকির মুখে শর্ত শিথিল করবে না ইরান: বাঘাই
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুক্তরাষ্ট্র যদি ইরানের নির্ধারিত সাতটি শর্ত পূরণ করে, তবে স্বল্পমেয়াদে আলোচনা পুনরায় শুরু করা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছে তেহরান। এছাড়া এনপিটি চুক্তির বাধ্যবাধকতা, পরমাণু নীতি, আঞ্চলিক নিরাপত্তা ও চলমান উত্তেজনা নিয়ে কঠোর অবস্থানে রয়েছে দেশটি। সোমবার (২৩ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা জানান।

বাঘাই জানান, ইরান তার ন্যায্য অধিকার আদায়ে আন্তরিক। এ সাতটি শর্ত কোনো পূর্বশর্ত নয়, বরং ইরানি জনগণের অধিকারের অবিচ্ছেদ্য অংশ। পাশাপাশি কাতারের প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফরের প্রেক্ষিতে তিনি জানান, যেকোনো চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে সকল রণাঙ্গনে যুদ্ধবিরতি অবশ্যই থাকতে হবে। যুদ্ধ চলতে থাকলে কীভাবে কোনো চুক্তি হতে পারে? এ দাবিটি সমগ্র অঞ্চলের প্রতি ইরানের দায়িত্ববোধের প্রতিফলন।

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) ইরানের থাকা না-থাকা নিয়ে দেশে নানা আলোচনা চললেও তেহরান এখন পর্যন্ত এ চুক্তির বাধ্যবাধকতা মেনে চলছে বলে নিশ্চিত করেন মুখপাত্র। ১৯৭০ সালে চুক্তিতে যোগ দেওয়া এবং ১৯৭৪ সালে মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বিপ্লবের পর, ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্র উৎপাদন নিষিদ্ধ করে একটি ফতোয়া জারি করেন। এ চুক্তিটি পারমাণবিক অস্ত্রের বিস্তার ও উৎপাদন প্রতিরোধের উপর জোর দেয়, যা ইতিবাচক দিক। ইরানের সদস্যপদের অন্যতম কারণ হলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার প্রয়োগ করা। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চুক্তিটিকে এর মূল ভিত্তি থেকে বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেল ট্যাঙ্কার ডুবিয়ে দেওয়ার হুমকি ও নৌ অবরোধের কড়া সমালোচনা করে বাঘাই বলেন, ৫০ বছর ধরে এমন হুমকি মোকাবিলা করে আসছে ইরান, তাই এসব ভয়ে ইরানি জনগণ তাদের অধিকার ছাড়বে না। তিনি বলেন, আমরা অবশ্যই এ পরিস্থিতি বরদাস্ত করব না এবং মার্কিন আগ্রাসনমূলক কর্মকাণ্ড মোকাবেলায় আমরা সম্ভাব্য সকল উপায় অবলম্বন করব। ইরানি ড্রোন আটকানোর বিষয়ে ট্রাম্পের দাবির বিষয়ে তিনি বলেন, আমরা মার্কিন প্রেসিডেন্টের সততা নিয়ে প্রশ্ন তুলছি না। হয়তো তারা ড্রোনগুলো আটক করেছিল, কিন্তু ততক্ষণে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ফেলেছিল। আসল সমস্যাটা আমাদের ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে, যেগুলো পরিচালনা করা বেশ কঠিন। এবং আট-নয় মাসের অনুশীলনের পর, তারা এমনকি পালিয়ে যাওয়ার কৌশলও শিখে ফেলেছে।

ইরানের বাঁধগুলোকে সামরিক সম্পদ হিসেবে দেখানোর মার্কিন গণমাধ্যমের চেষ্টাকে অপেশাদার ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন বাঘাই। একইসঙ্গে কানাডার মানবাধিকার প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করেন তিনি। এ মুখপাত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা নিরীহ ইরানি নারী ও শিশুদের হত্যার মুখে নীরব ছিল, তারা কি সত্যিই ইরানের মানবাধিকার নিয়ে চিন্তিত। মানবাধিকারের নামে তাদের কুমিরের কান্না কেউ বিশ্বাস করে না।

আঞ্চলিক প্রসঙ্গে তিনি জানান, আর্মেনিয়ার ট্রাম্প রুট প্ল্যান ঘিরে তেহরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং ইরান সীমান্তের কাছে কোনো সামরিক বাহিনী মোতায়েন করা হবে না বলে আর্মেনিয়া আশ্বাস দিয়েছে। এছাড়া ৩ ও ৪ ডিসেম্বর তেহরানে ইসিও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্যদিকে, ১৯৪৫ সালের তেহরান সম্মেলন ও ২০২৬ সালের শেনজেন বৈঠকের ছবি পাশাপাশি রেখে ট্রাম্পের দেওয়া পোস্টের প্রসঙ্গে বাঘাই প্রশ্ন তোলেন, ৮১ বছর পর সেই ঐতিহাসিক ছবি থেকে ইউরোপ কেন উধাও হয়ে গেল? তার মতে, তেহরান থেকে শেনজেন পর্যন্ত এ যাত্রা প্রমাণ করে যে বৃহৎ শক্তিগুলো ইরানের অনস্বীকার্য শক্তির প্রতি সম্মান জানিয়েছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

/এমএকে/