আমিরাতে স্বর্ণের দামে বড় পতন, দোকানে ক্রেতাদের ঢল

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আমিরাতে স্বর্ণের দামে বড় পতন, দোকানে ক্রেতাদের ঢল
দুবাইয়ের স্বর্ণের দোকানে ক্রেতাদের ঢল

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতনে গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। বিশ্ববাজারের এ দরপতনের প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের বাজারেও। দাম হাতের নাগালে আসায় দেশটির জুয়েলারি দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। আকাশচুম্বী দামের কারণে যারা বিয়ে, বিবাহবার্ষিকী কিংবা অন্যান্য উৎসবের কেনাকাটা স্থগিত রেখেছিলেন, তারাও এখন পুরোদমে দোকানে ফিরতে শুরু করেছেন। রবিবার (২২ নভেম্বর) আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বাজারদরের তথ্যানুযায়ী, আমিরাতে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ ৪২৬ দশমিক ৫০ দিরহাম এবং ২২ ক্যারেট স্বর্ণ ৩৯৫ দিরহামে বিক্রি হয়েছে। হিসাব বলছে, মাত্র এক মাসের ব্যবধানে প্রতি গ্রাম স্বর্ণের দাম কমেছে ৫৯ দশমিক ২৫ দিরহাম। আর চলতি বছরের শুরুর দিকের তুলনায় দাম কমেছে ৯৩ দিরহামেরও বেশি। মূলত সুদের হার নিয়ে কঠোর নীতির আশঙ্কা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার বিক্রির চাপের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ৪ দশমিক ৩৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে নেমে এসেছে।

দাম কমার পর ক্রেতাদের এই ফিরে আসাকে ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা। বাফলেহ জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক চিরাগ ভোরা জানান, দাম বেশি থাকায় যারা কেনাকাটা স্থগিত করেছিলেন, তারা আবারও দোকানে ফিরছেন। বিশেষ করে বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানের জন্য স্বর্ণের চাহিদা বেড়েছে। শোরুমগুলোতে ক্রেতাদের আনাগোনা বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে জয়ালুক্কাস জুয়েলারির প্রধান নির্বাহী জন পল আলুক্কাসের কথাতেও। তিনি বলেন, দাম কমার পর শোরুমগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে। অনেকে আগাম বুকিং দিয়ে বর্তমান দাম নিশ্চিত করছেন। পাশাপাশি পুরোনো গয়না বদলে নতুন গয়না কেনার প্রবণতাও বাড়ছে।

তবে বাজারে ক্রেতাদের ভিড় বাড়লেও সবাই যে এখনই কিনছেন, তা নয়। বাজারের অস্থিরতা দেখে অনেকেই আরও দাম কমার আশায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবুও ব্যবসায়ীরা মনে করছেন, স্বর্ণের প্রতি মানুষের ঐতিহ্যগত আস্থা এবং বর্তমানের তুলনামূলক কম দামই বাজারকে আবার চাঙা করে তুলেছে।

সূত্র: খালিজ টাইমস

/এমএকে/