বাইরের কোনো শক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করতে পারে না: আরাঘচি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাইরের কোনো শক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করতে পারে না: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: আল জাজিরা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি ও নিরাপত্তা বাইরের কোনো দেশের চাওয়া বা নির্দেশে তৈরি হতে পারে না। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ‘গ্লোবাল টাউন হল ২০২৬’ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

বর্তমান বিশ্বরাজনীতির পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ক্ষমতাধর দেশগুলো যখন নিজেদের স্বার্থে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তখন নিয়ম-কানুনের কোনো মূল্য থাকে না। জাতিসংঘসহ বড় আন্তর্জাতিক সংস্থাগুলো যদি এসব অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান না নেয়, তবে সাধারণ মানুষ এসব প্রতিষ্ঠানের ওপর থেকে পুরোপুরি বিশ্বাস হারিয়ে ফেলবে।

পৃথিবীকে সুন্দর ও বসবাসযোগ্য রাখতে পারস্পরিক আলোচনার ওপর জোর দেন তিনি। আরাঘচি বলেন, প্রতিটি যুদ্ধের ক্ষয়ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, তা বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। যুদ্ধের ব্যয় মেটাতে সাধারণ মানুষকে বাড়তি করের বোঝা টানতে হলেও এর সবচেয়ে বড় মাশুল দিতে হয় জীবন দিয়ে, যেখানে মানুষ নিজের রক্ত, ঘরবাড়ি ও ভবিষ্যৎ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।

নিরাপত্তার আসল সমাধান কোথায়- তা স্পষ্ট করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, কোনো বিদেশি শক্তির সামরিক উপস্থিতি কিংবা তাদের গায়ের জোরে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে কখনোই শান্তি আসতে পারে না। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে এ অঞ্চলের দেশগুলোকে নিজেদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে বিশ্বাস বাড়াতে হবে, একে অপরকে সম্মান জানাতে হবে এবং একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে পথ খুঁজতে হবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/