৬ দেশ ভ্রমণে নাগরিকদের কড়া সতর্কতা যুক্তরাষ্ট্রের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
৬ দেশ ভ্রমণে নাগরিকদের কড়া সতর্কতা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর

মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ৬টি দেশে ভ্রমণ না করার কড়া সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বার্তায় নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সতর্কতার আওতায় থাকা দেশগুলো হলো- ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই ছয়টি দেশই এখনো তাদের সর্বোচ্চ সতর্কতা বা ‘লেভেল-৪’ তালিকায় রয়েছে। এই সতর্কতার অর্থ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।

পোস্টে বলা হয়, স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশগুলোতে মার্কিন নাগরিকদের সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে লেভেল-৪ সতর্কতা জারি করা হয়েছে। ‘এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।’

বর্তমানে এই ছয় দেশ ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক নির্দেশনার সর্বোচ্চ স্তর হলো ‘লেভেল-৪’ সতর্কতা। এ সতর্কতা জারি করা হলে মার্কিন নাগরিকদের সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণ থেকে সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

/জেএইচ/