ইরানের তেল রপ্তানি বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরানের তেল রপ্তানি বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল
কাস্পিয়ান সাগর

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে দেশটির তেল পরিবহনের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের বন্দর বা উপকূল থেকে তেল নিয়ে অন্য জাহাজে পণ্য স্থানান্তরের পথও বন্ধ করতে চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ এড়িয়ে যেসব জাহাজ পণ্য পরিবহন করবে, সেগুলোর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরেও নিষেধাজ্ঞা

গত বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক সতর্কবার্তায় জানায়, ইরানের বন্দর কিংবা উপকূল থেকে পণ্য নিয়ে আসা কোনো জাহাজ অন্য জাহাজে সেই পণ্য স্থানান্তর করলে সেটিকেও অবরোধ এড়ানোর চেষ্টা হিসেবে বিবেচনা করা হবে।

অর্থাৎ, কোনো জাহাজ সরাসরি ইরানের বন্দরে না গেলেও ইরান থেকে আসা পণ্য অন্য জাহাজের মাধ্যমে গ্রহণ করলে সেটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে।

সেন্টকম জানিয়েছে, এ ধরনের জাহাজ থামানো, তল্লাশি, গতিপথ পরিবর্তনে বাধ্য করা কিংবা জব্দ করা হতে পারে। প্রয়োজনে জাহাজটিকে যে ইরানি বন্দর থেকে পণ্য নেওয়া হয়েছে, সেখানে ফিরে যাওয়ার নির্দেশও দেওয়া হতে পারে। মার্কিন বাহিনীর নির্দেশ অমান্য করলে বলপ্রয়োগের আশঙ্কাও রয়েছে।

মূলত ইরানের তেল ও জ্বালানি পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর বিকল্প পথ বন্ধ করতেই এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

গত ১৩ এপ্রিল প্রথমবার ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে তেহরানের সঙ্গে সমঝোতার পর জুনে তা তুলে নেওয়া হয়। তবে সমঝোতা ভেঙে যাওয়ার পর ১৪ জুলাই আবারও অবরোধ কার্যকর করে ওয়াশিংটন।

লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের শিক্ষক রব গেইস্ট পিনফোল্ডের মতে, উপসাগরীয় দেশগুলোর ওপর সাম্প্রতিক ইরানি হামলার জবাব দিতে চায় যুক্তরাষ্ট্র। তবে সরাসরি নতুন সামরিক অভিযান শুরু না করে অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আনতে চাইছে দেশটি।

তাঁর ভাষ্য, এই অবরোধ ইতিমধ্যে ইরানের অর্থনীতিতে প্রভাব ফেলছে। এমনকি দেশটির তেল রপ্তানি শিগগির শূন্যে নেমে আসতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ইরানের অর্থনীতির প্রায় ৩০ শতাংশ তেলের ওপর নির্ভরশীল।

যুক্তরাষ্ট্রের অবরোধ নিয়ে কী বলছে ইরান

সেন্টকমের নতুন ঘোষণার বিষয়ে ইরান সরকার সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটির কর্মকর্তারা বারবার বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ মেনে নেওয়া হবে না।

গত বুধবার ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক নিবন্ধে অবরোধ ভাঙার সম্ভাব্য একটি কৌশলের কথা বলা হয়েছে। এতে বলা হয়, একসঙ্গে কয়েকটি তেলবাহী জাহাজ পাঠিয়ে মার্কিন অবরোধ অতিক্রমের চেষ্টা করতে পারে ইরান।

নিবন্ধে আরও বলা হয়, মার্কিন বাহিনী এসব জাহাজে বাধা দিলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা চালাতে পারে তেহরান। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তেল স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেছিলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানের ওপর পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবরোধ কার্যকর করতে পারবে না।

তিনি আরও হুঁশিয়ারি দিয়েছিলেন, মার্কিন বাহিনী ইরানের কোনো জাহাজে হামলা চালালে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।

অবরোধ ভাঙার সক্ষমতা কতটা ইরানের

যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেও কিছু ক্ষেত্রে বিকল্প পথে জ্বালানি পণ্য রপ্তানি করতে পেরেছে ইরান। তবে বড় পরিসরে অপরিশোধিত তেল রপ্তানি আবার শুরু করা দেশটির জন্য কঠিন হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় ১৫ লাখ থেকে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত ইরান। এসব তেলের বেশির ভাগই কিনত চীন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ের পর থেকে অন্তত আটটি ইরানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ ওমান উপসাগর ছেড়ে গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন সূত্র ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। এ ছাড়া সেপ্টেম্বরে একটি জাহাজ মিয়ানমারে জেট ফুয়েল সরবরাহ করেছে।

বৃহস্পতিবার ট্যাংকারট্র্যাকার্স ডটকমের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, উপসাগরীয় অঞ্চলে একটি জাহাজ থেকে অন্য জাহাজে স্থানান্তরের মাধ্যমে ইরানি অপরিশোধিত তেল বোঝাই করা হচ্ছে। চালানটি গন্তব্যে পৌঁছাতে পারলে জুলাইয়ে অবরোধ পুনর্বহালের পর এটিই হবে ইরানের প্রথম সফল অপরিশোধিত তেল রপ্তানি। তবে এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিগের মতে, সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা ইরানের নেই। তাই সামরিকভাবে অবরোধ ভেঙে ফেলা তেহরানের জন্য বাস্তবসম্মত নয়।

তবে অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রকে প্রতিটি জাহাজ, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এবং সমুদ্রে পণ্য স্থানান্তরের কার্যক্রম নজরদারিতে রাখতে হবে। আর এ কাজটি সহজ নয়।

বিশ্লেষকদের ধারণা, উপসাগরীয় অঞ্চলের কিছু বাণিজ্যিক নেটওয়ার্কের মাধ্যমে ইরানের তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছাচ্ছে। এসব ক্ষেত্রে জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তরের পদ্ধতিও ব্যবহার করা হচ্ছে। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সরাসরি সম্পৃক্ততা কতটা, তা স্পষ্ট নয়।

নতুন নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উপসাগরীয় মিত্র দেশগুলোরও বিরোধ তৈরি হতে পারে। কারণ, এসব দেশের কিছু বাণিজ্যিক স্বার্থ ওয়াশিংটনের নিষেধাজ্ঞা নীতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

ক্রিগের মতে, ইরানের লক্ষ্য হয়তো সরাসরি মার্কিন নৌ অবরোধের সামরিক পরাজয় ঘটানো নয়। বরং অবরোধ কার্যকর রাখতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যয় বাড়িয়ে দেওয়া। এমন পরিস্থিতি তৈরি করা, যাতে ওয়াশিংটনের পক্ষে অবরোধ অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ে।

নতুন সংঘাতের আশঙ্কা কোথায়

ইরানের তেলবাহী জাহাজ অবরোধ অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে মার্কিন বাহিনী কোনো জাহাজে হামলা চালালে বা প্রাণহানির ঘটনা ঘটলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এ ক্ষেত্রে ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা চালাতে পারে। এর ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ প্রতিবেশী দেশগুলোও সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকবে।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও খারাপ হলে হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি নৌপথ। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। অন্যদিকে বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় ৫ শতাংশ যায় বাব আল-মান্দেব প্রণালি দিয়ে। এই প্রণালিটি লোহিত সাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে।

যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান কার্যত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে পণ্য পরিবহন ব্যাপকভাবে কমে গেছে। একই সঙ্গে ইয়েমেনে ইরানের মিত্র হুতি বিদ্রোহীরাও বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে বলে বারবার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

তবে এমন পদক্ষেপে ইরানের উল্টো ক্ষতি হতে পারে। কারণ, উপসাগরীয় দেশগুলো বর্তমানে যুক্তরাষ্ট্রকে নতুন করে বড় কোনো সামরিক অভিযান থেকে বিরত রাখার চেষ্টা করছে। ইরান যদি এসব দেশের জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তাহলে দেশগুলোও তেহরানের বিরুদ্ধে অবস্থান নিতে পারে।

ক্রিগের বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্র মনে করছে তাদের অবরোধ সফল হচ্ছে। অন্যদিকে ইরান এমন এক পরিস্থিতির দিকে এগোচ্ছে, যেখানে অর্থনৈতিক চাপ সহ্য করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। অবরোধ যত বেশি কার্যকর হবে, ইরানের পাল্টা পদক্ষেপ নেওয়ার তাগিদও তত বাড়তে পারে।

শেষ পর্যন্ত কোন পথে যাবে পরিস্থিতি

বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধান চাইবে। তবে অর্থনৈতিক চাপ কমানোর মতো কার্যকর কোনো সমঝোতা না হলে ইরান অবরোধের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে পারে।

এতে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান যাচাই করতে ইরানের নেওয়া কোনো সীমিত পদক্ষেপই বড় আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাবে।

অর্থাৎ, ইরানের জন্য অবরোধ ভেঙে আগের মতো তেল রপ্তানি শুরু করা কঠিন হলেও যুক্তরাষ্ট্রের জন্যও এই অবরোধ দীর্ঘদিন নির্বিঘ্নে কার্যকর রাখা সহজ হবে না। সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও আঞ্চলিক জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ নৌপথকে কেন্দ্র করে চাপ তৈরির সুযোগ রয়েছে তেহরানের।

ফলে ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আরও বড় আঞ্চলিক সংঘাতের ঝুঁকিতে পড়ে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

/এমআর/