নারী শিক্ষার্থীদের ক্লাস থেকে পুরুষ শিক্ষক অপসারণের প্রতিবাদে উত্তাল ইরাকের বিশ্ববিদ্যালয়

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নারী শিক্ষার্থীদের ক্লাস থেকে পুরুষ শিক্ষক অপসারণের প্রতিবাদে উত্তাল ইরাকের বিশ্ববিদ্যালয়
পুরুষ অধ্যাপকদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভে শত শত নারী শিক্ষার্থী। ছবি: দ্য গার্ডিয়ান

দক্ষিণ ইরাকের আল-কাদিসিয়াহ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ক্লাস নেওয়া থেকে পুরুষ শিক্ষকদের সরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে ‘তালেবান-সদৃশ’ লিঙ্গভিত্তিক পৃথকীকরণ নীতি আখ্যা দিয়ে দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন ছাত্রীরা। প্রিয় শিক্ষকদের ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে প্রায় চারশ ছাত্রী এ আন্দোলনে যোগ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ক্যাম্পাসে নারী ও পুরুষের অবাধ মেলামেশা ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল এবং ছাত্রীদের পরিবারের অনুরোধেই তারা এটি করেছেন। তবে আন্দোলনকারী ছাত্রীরা প্রশাসনের এ যুক্তি সরাসরি নাকচ করে দিয়েছেন। তাদের মতে, ভর্তির আগে থেকেই তাদের পরিবার জানত যে ক্যাম্পাসে পুরুষ শিক্ষকরাও পড়ান এবং বর্তমান এ ন্যায্য আন্দোলনে পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে। উল্টো ছাত্রীদের অভিযোগ, প্রশাসন তাদের এ প্রতিবাদকে গুরুত্ব না দিয়ে উপহাস করছে এবং তাদের গবেষণার তত্ত্বাবধায়কদের হঠাৎ সরিয়ে দেওয়ার বিষয়ে কোনো কথা বলতেই রাজি হচ্ছে না। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও এক শ্রেণির মানুষ ছাত্রীদের চরিত্র নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। তাদের দাবি, অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য নাকি ছাত্রীরা পুরুষ শিক্ষকদের ধরে রাখতে চাইছেন।

২২ বছর বয়সী ছাত্রী হুদা জানান, তিনি ও তার সহপাঠীরা বিক্ষোভ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রাহি আল-ইয়াসিরি তার দেহরক্ষীদের দিয়ে তাদের পথ আটকে দেন। দেহরক্ষীরা ছাত্রীদের নিয়ে উপহাস শুরু করেন এবং প্রেসিডেন্ট নিজেই ছাত্রীদের ভয় দেখাতে ও পরবর্তীতে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তাদের মুখের ছবি তুলে রাখার নির্দেশ দেন। হুদা আরও জানান, ইরাকি সমাজে নারী-পুরুষ যে এখনো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, তা তারা প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, এমন ডাক্তার কি নেই যারা নারী-পুরুষ উভয়েরই চিকিৎসা করেন? তাহলে আপনারা পুরুষ অধ্যাপকদেরও আমাদের পড়াতে বাধা দেন কেন? জবাবে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আল-ইয়াসিরি অত্যন্ত রূঢ়ভাবে বলেছিলেন, তোমরা দেয়ালে মাথা ঠুকলেও আমি অধ্যাপকদের ফিরিয়ে আনব না।

হঠাৎ এই সিদ্ধান্তের ফলে ছাত্রীদের পড়াশোনা ও গবেষণায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ছাত্রীদের একটি বড় অংশই পুরুষ শিক্ষকদের তত্ত্বাবধানে স্নাতক পর্যায়ের বিভিন্ন প্রকল্প ও গবেষণার কাজ করছিলেন। দীর্ঘদিন ক্লাস করার ফলে শিক্ষকরা ছাত্রীদের পড়াশোনার দুর্বলতা ও সবল দিকগুলো ভালোভাবে বুঝতেন। শিক্ষাবর্ষের এ পর্যায়ে এসে নতুন শিক্ষক নিয়োগ দিলে তাদের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন শিক্ষার্থীরা। অথচ সমস্যার সমাধান না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্টো ছাত্রীদের জানিয়ে দিয়েছে, এ পরিবর্তনে খুশি না হলে তারা যেন পড়াশোনা ছেড়ে দেন।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরাও। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইরাকি-ব্রিটিশ নারীবাদী গবেষক বালসাম মুস্তাফা মনে করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদের সঙ্গে এমন আচরণ করছে যেন তারা নাবালক এবং নিজেদের শিক্ষাজীবন নিয়ে কথা বলার কোনো অধিকারই তাদের নেই। তার মতে, পুরুষ শিক্ষকদের এভাবে সরিয়ে দেওয়া ইরাকে নারী অধিকার সংকুচিত হওয়ার একটি উদ্বেগজনক প্রবণতারই অংশ।

অন্যদিকে, ইরাকি আইনজীবী ও মানবাধিকার কর্মী ইসরা সালমান নারীদের ওপর এমন বিধিনিষেধ আরোপকে একটি সামাজিক বিপর্যয় হিসেবে দেখছেন। তিনি মনে করেন, ইরাকি সমাজ বহু অসাধারণ মেধার জন্ম দিয়েছে এবং যেখানে নারীরা বরাবরই অগ্রণী ভূমিকা রেখেছেন, সেই সমাজকে এখন তালেবান-শাসিত কাবুলের মতো করে তোলার চেষ্টা চলছে। সালমান জানান, এটি ইরাকের সংবিধান এবং দেশটির স্বাক্ষরিত ও অনুমোদিত আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশনগুলোর পরিপন্থী।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/