বাব আল-মান্দেবে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ইতালি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাব আল-মান্দেবে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ইতালি
বাব আল-মান্দেবে যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে ইতালি

ইইউর যৌথ সিদ্ধান্তের জন্য বসে না থেকে লোহিত সাগরীয় রুটে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবার এককভাবেই যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে ইতালি। বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রসেতো। তিনি জানিয়েছেন, বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী প্রতিটি ইতালীয় নৌযানের সুরক্ষা দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে রোম।

তার মতে, গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ বা অকার্যকর হয়ে পড়লে বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে। তাই আমলাতান্ত্রিক জটিলতা ও সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব এড়াতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে চায় ইতালি।

মূলত লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে বাব আল-মান্দেব প্রণালি। ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী বিশ্বের অন্যতম ব্যস্ততম এ সামুদ্রিক পথটি সুয়েজ খালে যাতায়াতকারী তেল, গ্যাস ও কনটেইনার পরিবহনের জন্য অত্যন্ত সংবেদনশীল। বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫ শতাংশই পরিচালিত হয় এ সংকীর্ণ পথ দিয়ে। ইয়েমেনকে আফ্রিকা মহাদেশের জিবুতি ও ইরিত্রিয়া থেকে আলাদা করা প্রণালিটির সবচেয়ে সরু অংশটি মাত্র ৩০ কিলোমিটার বা ১৯ মাইল চওড়া।

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরান কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম মূল রুটটি বড় ধরনের ধাক্কা খায়।

এরপর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বিকল্প হিসেবে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির ওপর নির্ভরতা অনেক বাড়িয়ে দেয়। বিশেষ করে সৌদি আরব হরমুজ প্রণালি সম্পূর্ণ এড়িয়ে যেতে অভ্যন্তরীণ পাইপলাইন এবং লোহিত সাগরের নৌপথের ওপর নির্ভরতা বাড়িয়ে দেওয়ায় বিশ্ববাজারে তেল পৌঁছানোর ক্ষেত্রে প্রণালিটি এখন প্রধান ধমনীগুলোর একটিতে পরিণত হয়েছে।

তবে ২০১৫ সালে ইয়েমেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এর নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলছে। দেশটির সরকার, হুথি বিদ্রোহী এবং বিভিন্ন আঞ্চলিক বাহিনী উপকূলের ভিন্ন ভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে আসছে। কিন্তু গত কয়েক সপ্তাহে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সামরিক অভিযান চালিয়ে বেশ কয়েকটি কৌশলগত দ্বীপসহ ইয়েমেনের সম্পূর্ণ পশ্চিম লোহিত সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর এই প্রণালির গুরুত্ব ও সংকট নাটকীয়ভাবে বেড়ে গেছে।

এর আগে হুতিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করেছে। তবে ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করায় এ নৌপথটিকে পুরোপুরি নিরাপদ রাখতে সেসব প্রচেষ্টাকে বেশ বেগ পেতে হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/