শরীর ও চেহারা নিয়ে কটাক্ষ, কড়া জবাব ফ্লোরেন্স পিউর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শরীর ও চেহারা নিয়ে কটাক্ষ, কড়া জবাব ফ্লোরেন্স পিউর
ফ্লোরেন্স পিউ

সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার পর চেহারা ও শারীরিক গঠন নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক কটাক্ষের শিকার হচ্ছেন ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তার মুখমণ্ডল ও শরীরের পরিবর্তন নিয়ে হাজারও মন্তব্য করেন নেটিজেনরা। কেউ দাবি করেন, তিনি মুখে ফিলার নিয়েছেন, আবার কেউ চোখের পাতায় অস্ত্রোপচার, মুখের চর্বি অপসারণ, চিবুকের অস্ত্রোপচার ও নাকের আকৃতি পরিবর্তনের কথা বলছনে। আবার অনেকে ওজন কমানোর ওষুধ ওজেমপিক ব্যবহারের অভিযোগও তুলেছেন।

এক অনুষ্ঠানে অভিনেত্রী পিউ
এক অনুষ্ঠানে অভিনেত্রী পিউ

এসব গুঞ্জনের জবাবে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। পিউ জানান, গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তার সাম্প্রতিক উপস্থিতি নিয়ে ‘হাজার হাজার মানুষের’ আলোচনা দেখে তিনি ‘বিচলিত’ হয়েছেন। সেইসঙ্গে ওজন কমানোর ওষুধ ও মুখের অস্ত্রোপচার সংক্রান্ত জল্পনা-কল্পনা অস্বীকার করেছেন।

অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখেছেন, ঘুম থেকে উঠে যখন দেখেন মানুষজন আপনার ও আপনার শরীর নিয়ে এমন সব কথা বলে যা আপনি কল্পনাও করতে পারেন না, তখন তা মানসিক চাপের কারণ হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ছড়িয়ে দেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

পিউ লেখেন, ‘এটা এখনকার সময়ের একটা অদ্ভুত প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। মানুষ কী সত্য আর কী মিথ্যা, তা নিয়ে এক ধরনের উন্মাদনায় মেতে উঠেছে।

চেহারায় অস্ত্রোপচারের বিষয়ে তিনি লেখেন, কী আশ্চর্য! আমি তো জানতামই না, কেউ চাইলে রাতারাতি এতগুলো অস্ত্রোপচার করাতে পারে! বিষয়টি আমাকে সত্যিই বিচলিত করেছে। যেসব নারী এখন আমাকে এমন একজন মানুষ ভাবছেন, যিনি আসলে আমি নই, তাদের জন্য খারাপ লাগছে।’

ভিন্নধর্মী পোশাকে ফ্লোরেন্স পিউ
ভিন্নধর্মী পোশাকে ফ্লোরেন্স পিউ

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অভিনেত্রী বলেন, আমি কখনো ওজেম্পিক খাইনি। আমি কখনো কোনো ফেস সার্জারি করাইনি। আর কখনো বলবেন না যে আমার নাকটা আমি নিজে বানাইনি, ওই সুন্দর ঢালু গড়নটা আমার বরাবরই ছিল। এমনকি ছোটবেলাতেও ‘

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে শরীরের গঠন নিয়ে নানা ধরনের কটাক্ষের শিকার হয়েছেন বলে জানান পিউ। তার ওজন কমানো, ওজেমপিক ব্যবহার কিংবা পেট দেখা যায় এমন পোশাক না পরার পরামর্শ দিয়েছেন অনেকে। এমনকি ডব্লিউডব্লিউই রেসলার সারায়ার চরিত্রে অভিনয়ের পর তার উরুর গঠন নিয়েও নেতিবাচক মন্তব্য করেছিলো অনেকে।

শরীর নিয়ে এর আগেও কটাক্ষের শিকার হয়েছেন বলে জানান অভিনেত্রী
শরীর নিয়ে এর আগেও কটাক্ষের শিকার হয়েছেন বলে জানান অভিনেত্রী

অভিনেত্রী জানান, ৩০ বছরে পা দেওয়ার পর নিজের জীবনযাপন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন তিনি। তার ভাষ্য, ‘আমার পুরো ক্যারিয়ারে এই প্রথমবার আমি বিশ্রাম নেওয়ার, ঘুমানোর, ঘুম থেকে উঠে শরীরচর্চা করার এবং নিয়মিত ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার সুযোগ পেয়েছি। বিশেষ করে মদ্যপানের অভ্যাস পরিবর্তন এবং শরীরের শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছেন।’

৮ পৃষ্ঠার বিবৃতিতে ‘ওপেনহাইমার’, ‘ডুন’ এবং ‘ইস্ট অব ইডেন’ খ্যাত এই তারকা তার অনুসারীদের বলেন, ‘আমি নিজের যত্ন নিচ্ছি। আমার কাছে এটাই সব।’

সূত্র: বিবিসি

/জেএইচ/