চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকের মজুরি বাড়লো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকের মজুরি বাড়লো
প্রতীকী ছবি

চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করেছে সরকার। এর আগে এই খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৭ হাজার ১০০ টাকা।

সম্প্রতি চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক ও কর্মচারীদের মজুরি চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চামড়াপণ্য ও জুতা কারখানার কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। বর্তমানে কর্মচারীদের ন্যূনতম ৮ হাজার ৫২৫ টাকা। সেই হিসাবে মজুরি বাড়ছে ৫ হাজার ৮৮০ টাকা। আর শিক্ষানবিশ কর্মচারীদের মজুরি ১০ হাজার নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে এই খাতের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠিত হয়। কয়েকটি সভার পর গত আগস্টে মজুরি বোর্ড মজুরিকাঠামো চূড়ান্ত করে। প্রতিবছর মজুরি বাড়বে ৫ শতাংশ। সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মজুরি বোর্ডের মাধ্যমে এই খাতের মজুরি নির্ধারণ হয়েছিলো।

নতুন মজুরিকাঠামো অনুযায়ী, মজুরিকাঠামোতে শ্রমিকদের গ্রেড আছে ছয়টি। ষষ্ঠ গ্রেডে ন্যূনতম মজুরি ১১ হাজার ৯০০ টাকা হলেও শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি হবে সব মিলিয়ে ১০ হাজার টাকা। শিক্ষানবিশকাল হবে তিন মাস। প্রয়োজনে এই সময় বাড়াতে পারবে মালিকপক্ষ।

পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মোট মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা। চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা; তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা; দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটদের ১৭ হাজার ৯৪৫ টাকা; প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের বেতন বেড়ে হয়েছে ২৩ হাজার ২৫৫ টাকা।

এদিকে কর্মচারীদের চারটি গ্রেডের মধ্যে নিম্নতম গ্রেডের মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। তার মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ টাকা ও বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা। শ্রমিকদের মতো কর্মচারীরাও ২ হাজার ৯০০ টাকার চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা পাবেন। তৃতীয় গ্রেডের কর্মচারীদের ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৮ হাজার ৮১৫ ও প্রথম গ্রেডের মজুরি বেড়ে হয়েছে ২০ হাজার ৬০০ টাকা।

উল্লেখ্য, দেশে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা কারখানা আছে। এসব কারখানায় দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী কাজ করেন। মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ প্রথমে সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দিয়েছিলো। তার বিপরীতে প্রথমে ৮ হাজার টাকা দিতে চেয়েছিলো মালিকপক্ষ।

/এসবি/