যুক্তরাষ্ট্রকে মোজতবা খামেনির কড়া বার্তা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুক্তরাষ্ট্রকে মোজতবা খামেনির কড়া বার্তা
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানে যুক্তরাষ্ট্র আর কোনো ধরনের সামরিক হামলা চালালে তার জবাব এবার আরও কঠোর ও ব্যাপক পরিসরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ‘বিশ্বব্যাপী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কড়া বার্তা দেন।

বার্তায় খামেনি উল্লেখ করেন, হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব প্রতিষ্ঠা এবং এ অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানা ছিল মূলত ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপের পাল্টা জবাব। তিনি বলেন, ‘এ ধরনের আগ্রাসন আবার ঘটলে এর জবাব আরও ব্যাপক মাত্রা ধারণ করবে।’

একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর ভূয়সী প্রশংসা করেন ইরানের এ শীর্ষ নেতা। বিশেষ করে ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলোর নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি সেগুলোকে ‘বিচক্ষণ ও শক্তিশালী বীরত্বপূর্ণ কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেন।

মোজতবা খামেনির মতে, সাম্প্রতিক এসব ঘটনা মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতাকেই পরিষ্কারভাবে বিশ্বের সামনে নিয়ে এসেছে। এ পরিস্থিতিতে দেশের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি। মোজতবা খামেনি বলেন, ‘পরিপূর্ণ উন্নয়নের মাধ্যমে আরও শক্তিশালী ইরান গড়ার কৌশল অব্যাহত রাখাই পূর্ণাঙ্গ প্রতিরোধক্ষমতা অর্জনের একমাত্র পথ।’

সূত্র: আল জাজিরা

/এমএকে/