নভেম্বরেই হতে পারে শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নভেম্বরেই হতে পারে শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক
ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং (বাঁ থেকে)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।

আগামী ১৮-১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য অ্যাপেক শীর্ষ সম্মেলনে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। রবিবার (১ নভেম্বর) পুতিন প্রকাশ্যে এ সম্ভাবনাকে স্বাগত জানান এবং উল্লেখ করেন বিষয়টি অনেকটা চীনা আয়োজকদের উপর নির্ভর করবে।

এদিকে ট্রাম্প গত মাসে সাংবাদিকদের বলেছিলেন, তিনি পুতিন ও শি-র সঙ্গে দেখা করবেন, প্রাথমিকভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে, তবে ইউক্রেন নিয়েও আলোচনা হবে।

তবে তিন শীর্ষ নেতার এ সম্ভাব্য বৈঠককে তীব্র উদ্বেগের সঙ্গে দেখছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে সঙ্গে নিয়ে আলোচনার পরেই কেবল এ ধরনের বৈঠক হওয়া উচিত। অক্টোবরের শেষের দিকে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, আমি সত্যিই চাই না যে এটি ‘ইয়াল্টা- ২, ৩, ৪’-এর মতো হয়ে যাক, যেখানে প্রভাবের পুনর্বণ্টন ঘটবে। ১৯৪৫ সালের ঐতিহাসিক ইয়াল্টা সম্মেলনের কথা টেনে তিনি এই মন্তব্য করেন। ওই সম্মেলনে মার্কিন, ব্রিটিশ ও সোভিয়েত নেতারা যুদ্ধ-পরবর্তী ইউরোপের নিয়ন্ত্রণ ও জার্মানি দখল নিয়ে ঐকমত্যে পৌঁছেছিলেন।

সম্ভাব্য এ ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে বেইজিং এখনও সরাসরি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ার সংবাদমাধ্যম জানান, ইউক্রেন বিষয়ক আলোচনার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে চীনা প্রেসিডেন্টকে বেশ অবাক মনে হয়েছে। এমনকি চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র মিলে ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করবে- এমন ধারণাও চীনা নেতা প্রত্যাখ্যান করেছেন বলে জানান স্টাইনমায়ার।

বিষয়টি নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের মধ্যকার বৈঠক প্রসঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করছে, তবে ট্রাম্পের অংশগ্রহণের বিষয়ে সেখানে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

সূত্র: পলিটিকো

/এমএকে/