সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটকের কারণ জানালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটকের কারণ জানালো পুলিশ
ডিবিসি নিউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজিব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। ওই পরিস্থিতির প্রেক্ষিতে ডিবি পুলিশ বিষয়টি জানতে পারে এবং ঘটনাস্থলে যায়। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

আকতার হোসেন বলেন, বর্তমানে তাদের সঙ্গে ডিবি পুলিশ কথা বলছে। তাদের নিরাপদে হেফাজতে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেপ্তার করা হয়নি।

এর আগে, গত ১৫ এপ্রিল ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ফিরিয়ে দেওয়া হয়। সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেদিন তার জেদ্দা যাওয়ার কথা ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি ইকবাল সোবহান চৌধুরীকে। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেসক্লাবে গিয়েছিলেন তিনি। সেখানে আওয়ামীপন্থী কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে জামায়াত নেতাদের এক টেবিলে বসার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা তৈরি হয়।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফেনী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

/এসবি/