এই মুহূর্তে ইরানে হামলার পরিকল্পনা নেই: ট্রাম্প

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
এই মুহূর্তে ইরানে হামলার পরিকল্পনা নেই: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা শুরু করার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সোমবার (২ নভেম্বর) এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছিলেন।

তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা যা চাই, তার সবই পাচ্ছি বলে মনে হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে মার্কিন সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। যদিও বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে হামলার কারণ হয়তো আর নাও থাকতে পারে।

এফটি-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে "আসলে কোনো যুদ্ধে নেই। তিনি অপারেশন মিডনাইট হ্যামার-এর কথা উল্লেখ করে বলেন, এটি ইরানের পারমাণবিক সক্ষমতার অভাব পুরোপুরি নিশ্চিত করে দিয়েছে। তিনি বলেন, এরপর আমরা তাদের ওপর আবার হামলা চালাই, এপিক ফিউরি ইত্যাদি দিয়ে... কিন্তু ভেবে দেখলে, অনেক দিন ধরে, ছয় মাস বা তারও বেশি সময় ধরে, তাদের সঙ্গে আমাদের আসলে কোনো যুদ্ধ হয়নি।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শেষ করার কোনো চুক্তিতে পৌঁছানো থেকে ইরান-যুক্তরাষ্ট্র এখনও অনেক দূরে রয়েছে। ঠিক এর পরেই ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো। অন্যদিকে, সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর তিনি ইরানে কোনো ধরনের হামলা চালানোর কথা ভাবছেন না।

ইতোমধ্যে কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে তিন দিন ধরে চলা আলোচনা শেষ করেছে ইরান। এ বৈঠক প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রবিবার জানান, দোহায় কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের বৈঠকের পর ইরানিদের সঙ্গে বেশ কিছু ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, দেখুন, একটি সমঝোতামূলক নিষ্পত্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে প্রেসিডেন্ট এবং আমি উভয়েই বেশ আশাবাদী। আমরা এ নিয়ে কাজ চালিয়ে যাব।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ভ্যান্স আলোচনার বিষয়ে ইরানকে একটি চিঠি পাঠিয়েছেন। এ উদ্যোগকে দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সূত্র: জেরুজালেম পোস্ট

/এমএকে/