‘ফাদার অব অল বোম্বস’ নামে নতুন অস্ত্র আনছে ইরান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
‘ফাদার অব অল বোম্বস’ নামে নতুন অস্ত্র আনছে ইরান
ক্ষেপণাস্ত্র

সম্প্রতি ইরানের পারমাণবিক ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা ‘জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ বা ‘মাদার অব অল বম্বস’ (এমওএবি) ব্যবহার করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা হিসেবে ‘ফাদার অব অল বম্ব’ নামে নতুন একটি অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি বুধবার এ ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা, বিধ্বংসী ক্ষমতা ও নির্ভুলতা আগের চেয়ে বেড়েছে। তাদের মার্কিন যুদ্ধজাহাজে আঘাত হানার সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।

ইরানের সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্টস ক্লাবের বরাতে মোহেবি বলেন, নতুন অস্ত্রটি উন্মোচনের প্রস্তুতি চলছে। এটি প্রতিপক্ষের জন্য নতুন কিছু হবে। তবে অস্ত্রটির ধরন, প্রযুক্তিগত বৈশিষ্ট্য, বিধ্বংসী ক্ষমতা কিংবা কবে এটি প্রকাশ্যে আনা হবে এসব বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

মোহেবির দাবি, ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত দেড় গুণ বেড়েছে। ক্ষেপণাস্ত্রের পাল্লা, লক্ষ্যবস্তুতে আঘাতের নির্ভুলতা ও ধ্বংসক্ষমতাও উন্নত হয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন বিমানবাহী রণতরিসহ যুদ্ধজাহাজে আঘাত হানার সক্ষমতা ইরানের রয়েছে। এ সক্ষমতা পরীক্ষা করা হয়েছে। যদিও এসব দাবির পক্ষে তিনি বিস্তারিত প্রযুক্তিগত তথ্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ দেননি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের জিবিইউ-৪৩/বি এমওএবি বোমা ব্যবহারের সম্ভাবনার কথা বলেছিলেন। প্রায় ৯ হাজার ৮০০ কেজি ওজনের এই বোমা ‘মাদার অব অল বম্ব’ নামে পরিচিত। তবে ইরানের ঘোষিত ‘ফাদার অব অল বম্ব’ আসলে বোমা, ক্ষেপণাস্ত্র নাকি অন্য কোনো অস্ত্রব্যবস্থা তা স্পষ্ট নয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

/জেএইচ/