সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ চার স্থাপনায় হামলার দাবি হুথিদের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ চার স্থাপনায় হামলার দাবি হুথিদের
সৌদি আরবে হামলার পর একটি স্থাপনা থেকে ধোঁয়া উড়তে দেখা যায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে। অন্য স্থাপনাগুলো হলো ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা এবং আবহা ও দাম্মামের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, গত ৪৮ ঘণ্টায় এসব হামলা চালানো হয়েছে।

এদিকে, বুধবার (২১ অক্টোবর) সৌদি আরবের দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আরামকোর একটি তেল স্থাপনায় পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও আটজন আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে একজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশি ও একজন নেপালি রয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চলার মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলার দাবি করল হুথিরা। তবে হুথিদের দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

/এমআর/