খুব শিগগিরই কিছু একটা ঘটবে: ইরান প্রশ্নে ট্রাম্প

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
খুব শিগগিরই কিছু একটা ঘটবে: ইরান প্রশ্নে ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে এ মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে সংঘাত শুরুর আভাস দিয়ে তিনি বলেছেন, ‘খুব শিগগিরই কিছু একটা ঘটবে।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রেসিডেন্টের বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি না। কোনো না কোনোভাবে কিছু একটা ঘটবে, খুব শিগগিরই। বেশিরভাগ মানুষ মনে করছে এটি মধ্যবর্তী নির্বাচনের পর হবে।’

এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, আগামী ৩ নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানো হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে এই হামলা পরিকল্পনার একটি খসড়া তৈরি করেছে বলেও জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন করে হামলা হলে এটি স্বল্পকালীন কিন্তু অত্যন্ত তীব্র হবে। আর এই হামলায় সামরিক সরঞ্জামের পাশাপাশি ইরানের জ্বালানি অবকাঠামোকেও টার্গেট করা হবে।

তবে ট্রাম্প শেষ পর্যন্ত নতুন সামরিক অভিযানের অনুমতি দেন কি না সেটি স্পষ্ট নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সূত্র: টাইমস অব ইসরায়েল, নিউইয়র্ক টাইমস

/জেএইচ/