ফুটবলের রাজা পেলের জন্মদিন আজ, জানুন তার অনন্য কিছু কীর্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফুটবলের রাজা পেলের জন্মদিন আজ, জানুন তার অনন্য কিছু কীর্তি
পেলে

সর্বকালের সেরা ফুটবলার ব্রাজিলিয়ান কিংবদন্তি তারকা পেলের জন্মদিন আজ। ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের ত্রেস কোরাকোয়েস মিনাস জেরাইসে জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। তবে পরিবারে তার ডাকনাম ছিল জিকো। বিদ্যালয়ে পড়ার সময় তিনি ‘পেলে’ নামটি পান।

সাও পাওলো রাজ্যের বাউরু শহরে খুব দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠেন পেলে। ছোটবেলায় চায়ের দোকানে কাজ করে বাড়তি অর্থ উপার্জন করতেন। ইতিহাস ঘেটে জানা যায়, কৈশোরে সেট ডি সেতেমব্রো, ক্যান্টো দো রিও, সাও পাওলিনহো ও আমেরিকুইনহার মতো কয়েকটি অপেশাদার দলের হয়ে খেলেন পেলে। বাউরু অ্যাথলেটিক ক্লাব জুনিয়রের নেতৃত্বে দুটি সাও পাওলো রাজ্য যুব চ্যাম্পিয়নশিপেও অংশ নেন এই ফুটবলার।

এছাড়াও পেলে ‘রেডিয়াম’ নামের একটি ইনডোর ফুটবল দলের হয়ে খেলতেন। পরে প্রথম দিককার ফুটসাল প্রতিযোগিতায় অংশ নিয়ে পেলে ও তার দল চ্যাম্পিয়ন হয়। অসাধারণ নৈপুণ্যের কারণে মাত্র ১৪ বছর বয়সেই প্রাপ্তবয়স্কদের সঙ্গে খেলার সুযোগ পান।

ফুটবল ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখে। পেলে তেমনই একজন। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ জিতে আলোচনায় আসেন তিনি। এরপর আরও দুটি বিশ্বকাপ জেতেন এই কিংবদন্তি। বিশ্বের একমাত্র প্লেয়ার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ড তার ঝুঁলিতেই। ফুটবলের রাজা পেলের জন্মদিনে জেনে নেওয়া যাক তার কিছু অনন্য কীর্তি।

বিশ্বকাপজয়ী সর্বকনিষ্ঠ ফুটবলার

ব্রাজিলের হয়ে ১৯৫৮ সালের বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে শিরোপা জেতেন পেলে। সুইডেনের বিপক্ষে ফাইনালে জোড়া গোল করে ব্রাজিলকে ৫-২ ব্যবধানের বিশাল জয় এনে দেন। বিশ্বকাপজয়ী দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এখনো তার রেকর্ড কেউ ছুঁতে পারেনি।

তিনটি বিশ্বকাপ জয় করা একমাত্র ব্যক্তি

কিংবদন্তি এই তারকা ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০- এই তিন আসরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত আর কোনো খেলোয়াড় তিনবার বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে পারেননি। তার এই অর্জন আজও ইতিহাসে অনন্য হয়ে আছে।

বিশ্বকাপ ফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতা

১৯৫৮ সালের ফাইনালে সুইডেনের বিপক্ষে দুটি গোল করেছিলেন পেলে। তখন তার বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন। বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এখনো রেকর্ডটি তার দখলে।

বিশ্বকাপে হ্যাটট্রিক করা সর্বকনিষ্ঠ ফুটবলার

১৯৫৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন পেলে। ব্রাজিল ম্যাচটি ৫-২ গোলে জেতে। তখন তার বয়স ছিল ১৭ বছর ২৪৪ দিন। বিশ্বকাপের মূল পর্বে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ডটিও এখনো পেলের ঝুঁলিতে।

ক্যারিয়ারে ১ হাজারের বেশি গোল

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে, পেলে ক্যারিয়ারে মোট ১ হাজার ২৭৯টি গোল করেন। তবে এই হিসাবের মধ্যে আনুষ্ঠানিক ম্যাচের পাশাপাশি প্রীতি ও সফর ম্যাচের গোলও রয়েছে। কিন্তু শুধু স্বীকৃত প্রতিযোগিতামূলক ম্যাচের গোল গণনা করলে পরিসংখ্যান ভিন্ন হবে।

চারটি বিশ্বকাপে গোল করার কীর্তি

১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ এই চার বিশ্বকাপে অংগ্রহণ করেন পেলে। প্রত্যেক আসরেই গোল করেছিলেন তিনি। তবে এটা তার একক কৃতীত্বি নয়। পরে উয়ে জিলার, মিরোস্লাভ ক্লোসে, ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিও চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন।

২০০০ সালে ফিফা তাকে শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্ব ফুটবলের এই কিংবদন্তি ২০২২ সালের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে ব্রাজিলের একটি হাসপাতালে মারা যান।

/জেএইচ/