কূটনীতিকদের পরিবারসহ সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কূটনীতিকদের পরিবারসহ সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
রিয়াদে মার্কিন দূতাবাস

সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন থেকে কিছু কূটনীতিককে পরিবারসহ দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে বুধবার (২১ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নির্দেশ দেয়।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি মার্কিন মিশন থেকেও পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের সৌদি আরবের বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণের মুখে পররাষ্ট্র মন্ত্রণালয় কেবল ‘সৌদি আরবে অবস্থানরত জরুরি নন– এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের’ দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

টমি পিগট আরও বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’

মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইন থেকেও মার্কিন দূতাবাসের কিছু কর্মীর পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে।

তবে টমি পিগট স্পষ্ট করে বলেছেন, বুধবারের নির্দেশনা শুধু সৌদি আরবে মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য।

প্রসঙ্গত, চলতি মাসে সৌদি আরবে প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে হুতিরা। এর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে। কয়েক বছরের মধ্যে এটি ছিল সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা। হুতিদের সঙ্গে সৌদি আরবের যুদ্ধের তীব্রতা বাড়ার মধ্যেই এসব হামলা হচ্ছে।

/এফআর/