মার্কিন-ইসরায়েলি হামলার জবাব হবে ‘বিধ্বংসী’: আইআরজিসি প্রধান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মার্কিন-ইসরায়েলি হামলার জবাব হবে ‘বিধ্বংসী’: আইআরজিসি প্রধান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো ধরনের নতুন হামলার জবাব বিধ্বংসী আঘাতের মাধ্যমে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ভাহিদি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পনায় বড় ধরনের আঘাত হেনেছে ইরান।

তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাহিদি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে এমন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, যা অতীতে কখনো দেখা যায়নি। দেশটি বিভিন্ন পক্ষের কাছে সহায়তা চাইলেও ইরানের জনগণকে ভয় পাওয়ায় কেউ এগিয়ে আসেনি।

ইরানের সামরিক বাহিনী পরাশক্তিগুলোর ঔদ্ধত্যে বড় আঘাত হেনেছে বলেও মন্তব্য করেন তিনি। ভাহিদি বলেন, ‘যেকোনো ধরনের আগ্রাসন, তা যত সামান্যই হোক না কেন, তার জবাব দেওয়া হবে বিধ্বংসী ও বেদনাদায়ক আঘাতের মাধ্যমে।’

এদিকে হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

ইরানের সেনাবাহিনীর দাবি, ড্রোনটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-১ মডেলের। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করে, কেশম দ্বীপের দক্ষিণে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে তাদের প্রতিরক্ষাব্যবস্থা। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, নতুন প্রযুক্তির একটি প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়।

এ ছাড়া ১৬ নভেম্বর কেশম দ্বীপের দক্ষিণে একটি মার্কিন এমকিউএম-১৭০ ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে অক্ষত অবস্থায় অবতরণ করানোর দাবি করে আইআরজিসির নৌবাহিনী। তাদের দাবি, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে ড্রোনটির নিয়ন্ত্রণ নেওয়া হয়।

এমন পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আলজাজিরার ১৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস থিওডর রুজভেল্ট নামের রণতরিটি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর মধ্য দিয়ে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।

অন্যদিকে কাতার ও ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং সংঘাতের অবসান নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য এখনো রয়েছে।

মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মধ্যে ১৭ নভেম্বর বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক রাডার স্থাপনা লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাহরাইন বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

/এমআর/