কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, আটক ৫৪৪

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, আটক ৫৪৪
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

গত ৭২ ঘণ্টায় কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৫ জন সদস্য রয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান। গত ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। অভিযানে আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ৩৪১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। বাকি ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে পড়ার টেবিলে ফেরানো এবং মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন পুলিশের অভিযানে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।

/এসবি/