ইরানের কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরানের কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণ
ইরানের কেশম দ্বীপ

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, দ্বীপটির উত্তর-পশ্চিম দিক থেকে বিস্ফোরণের শব্দ আসে। এ সময় দ্বীপটির আকাশে ধোঁয়াও দেখা গেছে।

হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশম দ্বীপে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্যও পাওয়া যায়নি। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা-ও স্পষ্ট নয়।

এর আগে গত ৭ নভেম্বর ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার খবর প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কেশম দ্বীপের পাশাপাশি জাস্ক বন্দর এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানানো হয়।

ওই ঘটনার বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিস্ফোরণের কারণ নিয়ে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছিল। রাষ্ট্রীয় টেলিভিশন এসব শব্দের সঙ্গে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক তৎপরতার যোগসূত্র থাকতে পারে বলে জানায়। তবে তাসনিম সংবাদ সংস্থার উদ্ধৃত একটি সূত্র জানায়, কেশম দ্বীপের বিস্ফোরণ ক্ষেপণাস্ত্র হামলার কারণে হয়নি।

এর আগে ৩ নভেম্বরও কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের খবর প্রকাশ করেছিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। ওই সময় দ্বীপটির আকাশে দুটি উড়োজাহাজ দেখার কথাও জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। একই দিনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো হরমুজ প্রণালী এলাকায় মার্কিন সামরিক বাহিনীর হামলার খবর প্রকাশ করে। পরে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা কেশম দ্বীপের কাছে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় সীমিত হামলার কথা নিশ্চিত করেন।

কেশম দ্বীপের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি হরমুজ প্রণালীর কাছে অবস্থিত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে যায়। ফলে এ অঞ্চলে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌ চলাচলে প্রভাব ফেলতে পারে।

/এমআর/