শ্রমিক আন্দোলনের মধ্যেই গাজীপুরে পেট্রল বোমা ও ককটেলসহ গ্রেপ্তার ৫

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
শ্রমিক আন্দোলনের মধ্যেই গাজীপুরে পেট্রল বোমা ও ককটেলসহ গ্রেপ্তার ৫
গ্রেপ্তার ৫ ব্যক্তি

গত কয়েকদিন ধরেই গাজীপুরের বিভিন্ন স্থানে ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন লাগার ঘটনা ঘটছে। এরই মধ্যে এবার কালিয়াকৈরে পুলিশের অভিযানে ৫টি পেট্রল বোমা ও ৫টি ককটেলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সফিপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে নাশকতার চেষ্টাকালে বিপ্লব ও মান্নান নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব চান্দরা এলাকার কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ইফতি, আশিক হোসেন ও হাসেম সিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি পেট্রল বোমা ও ৫টি ককটেল উদ্ধার করা হয়। পাশাপাশি নিক্ষেপ করা পেট্রল বোমার ভাঙা কাচের টুকরাও উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ১০ দিনের রিমান্ড আবেদন করে বুধবার (১৮ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পেট্রল বোমা ও ককটেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

/জেএইচ/