শিরোনাম

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

সিটিজেন ডেস্ক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজসহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাধ্যম খামেনির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

সরকারি টেলিভিশন চ্যানেল ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) তাদের প্রতিবেদনে বলেছে,আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।

খামেনির নিহত হওয়ার ঘটনায় দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন বাহিনী। পরে রাতের দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে খামেনির নিহত হওয়ার তথ্য জানান। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রথমদিকে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেনি। অবশেষে রবিবার বাংলাদেশ সময় সকালে তেহরান আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক, বিচার ও গোয়েন্দা বিভাগসহ রাষ্ট্রের সর্বক্ষেত্রে খামেনির প্রভাব ছিল গভীর ও সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই দেশটির সরকার পরিচালিত হতো।

১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল ও কমিউনিস্ট শক্তি। ওই বিপ্লবে নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।

১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর দীর্ঘ সময় ধরে তিনি ইরানের রাষ্ট্রীয় ও নীতিনির্ধারণী কাঠামোর কেন্দ্রে ছিলেন।

/এসএ/