এক্সপ্লেইনার

গাজায় গণহত্যা: থামছে না ইসরায়েলি আগ্রাসন, বিশ্ব কেন মুখ ফিরিয়ে নিচ্ছে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
গাজায় গণহত্যা: থামছে না ইসরায়েলি আগ্রাসন, বিশ্ব কেন মুখ ফিরিয়ে নিচ্ছে
ইসরায়েলি হামলায় নিহত খালেদ নাঈমের স্ত্রী ও সন্তানদের আহাজারি

গাজায় একের পর এক হাসপাতাল ধ্বংস হয়েছে, প্রাণ হারিয়েছেন চিকিৎসক, রোগী ও সাধারণ মানুষ। লাখো মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছেন অস্থায়ী শিবিরে। এসব ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে হয়েছে বড় বড় বিক্ষোভ, আন্তর্জাতিক মহলে উঠেছে নিন্দার ঝড়, এমনকি ইসরায়েলের বিরুদ্ধে শুরু হয়েছে নানা আইনি প্রক্রিয়াও। কিন্তু এত কিছুর পরও থামেনি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা। বরং সময়ের সঙ্গে সঙ্গে গাজা নিয়ে আন্তর্জাতিক মহলের মনোযোগ কমে আসছে। প্রশ্ন উঠছে, এত প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পরও কেন ইসরায়েলকে কার্যকর কোনো জবাবদিহির মুখোমুখি করা যাচ্ছে না? আর বিশ্ববাসীর প্রতিবাদ কেন যুদ্ধ থামানোর মতো রাজনৈতিক চাপে পরিণত হতে পারছে না?

হামলার পর হাসপাতালের ক্ষয়ক্ষতি দেখছেন স্বাস্থ্যকর্মী
হামলার পর হাসপাতালের ক্ষয়ক্ষতি দেখছেন স্বাস্থ্যকর্মী

হাসপাতালেও নিরাপদ নয় ফিলিস্তিনিরা

১২ নভেম্বর দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। এতে ছয়জন ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হন। নিহতদের মধ্যে ছিলেন অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা সাইফ আবু হাতাব এবং হাসপাতালের শল্যচিকিৎসক ডা. রিজক আবু শাইরা। আহতদের মধ্যে চিকিৎসক, রোগী ও তাদের স্বজনেরাও ছিলেন।

মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদন এবং আন্তর্জাতিক মহলের নিন্দার পরও এ হামলার জন্য ইসরায়েলকে বড় কোনো রাজনৈতিক বা কূটনৈতিক পরিণতির মুখে পড়তে হয়নি। তবে বিষয়টি কি সত্যিই অপ্রত্যাশিত? ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত গাজার স্বাস্থ্যব্যবস্থার ওপর ধারাবাহিক হামলায় যখন হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র ও চিকিৎসাসেবার অবকাঠামো ধ্বংস হয়েছে, তখন নাসের হাসপাতালের মতো আরেকটি স্থাপনায় হামলার পরও বড় কোনো পরিবর্তন না আসাটাই যেন বর্তমান বাস্তবতার প্রতিফলন।

এখানেই সামনে আসছে আন্তর্জাতিক রাজনীতির একটি বড় প্রশ্ন- হাসপাতালে রোগী ও চিকিৎসকদের মৃত্যু, বেসামরিক মানুষের ওপর হামলা এবং মানবিক বিপর্যয়ের পরও কেন কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বিশ্ব।

গাজার খান ইউনুসে ইসরায়েলি হামলা
গাজার খান ইউনুসে ইসরায়েলি হামলা

যুদ্ধবিরতির পরও বদলায়নি গাজার বাস্তবতা

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অনেকের ধারণা ছিল, গাজায় এবার হয়তো স্বস্তি ফিরবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ সময়ে ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৫৮ হাজার ৩৩০ জন আহত হয়েছেন।

গাজার বড় একটি অংশ এখন ধ্বংসস্তূপ। হাসপাতাল ও চিকিৎসাসেবা কার্যত বিপর্যস্ত। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। শীতের সঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টি। এতে বিভিন্ন আশ্রয়শিবিরে পানি ঢুকে পড়ছে। যারা একসময় নিজেদের ঘরে থাকতেন, তাদের অনেকেই এখন শুকনো মেঝে কিংবা নিরাপদে রাত কাটানোর জায়গাটুকুও পাচ্ছেন না। এমন পরিস্থিতির জন্য শুধু যুদ্ধের ক্ষয়ক্ষতিকেই দায়ী করা যাচ্ছে না। প্রয়োজনীয় খাদ্য, ওষুধ, তাঁবু, কম্বল ও অন্যান্য মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্গঠনের সুযোগও সীমিত। সবচেয়ে উদ্বেগের বিষয়, এসব ঘটনা ঘটলেও গাজা নিয়ে আন্তর্জাতিক মনোযোগ আগের তুলনায় অনেকটাই কমে গেছে।

গাদি আইজেনকট ও বেঞ্জামিন নেতানিয়াহু
গাদি আইজেনকট ও বেঞ্জামিন নেতানিয়াহু

আলোচনা ইসরায়েলি রাজনীতি, আড়ালে ফিলিস্তিনের ভবিষ্যৎ

গাজা নিয়ে আন্তর্জাতিক আলোচনার জায়গা ক্রমেই সংকুচিত হওয়ার পেছনে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিও একটি কারণ হয়ে উঠেছে। দেশটির নির্বাচন, রাজনৈতিক জোট এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে আলোচনা বাড়ছে। তাকে ক্ষমতা থেকে সরানোর সম্ভাবনাও অনেকের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।

অনেকের ধারণা, নেতানিয়াহু সরকারের বিদায় ঘটলে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন কমতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত থেকে যাচ্ছে। ফিলিস্তিনিদের ওপর দখলদারত্ব, উচ্ছেদ এবং গাজা অবরোধের নীতি কেবল নেতানিয়াহু সরকারের সময় শুরু হয়নি। ইসরায়েলের পরপর বিভিন্ন সরকার এসব নীতি অনুসরণ করেছে। এমনকি অপেক্ষাকৃত মধ্যপন্থী হিসেবে পরিচিত সরকারগুলোর সময়ও এসব নীতির বড় কোনো পরিবর্তন হয়নি। ফলে শুধু নেতানিয়াহুর পরিবর্তে কে ক্ষমতায় আসবেন, সেই আলোচনা ফিলিস্তিনিদের ভবিষ্যতের নিশ্চয়তা দিতে পারে না। বরং এতে দখলদারত্ব ও অবরোধের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো আড়ালে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

লন্ডনে ফিলিস্তিনে হামলা বন্ধে আয়োজিত পদযাত্রা
লন্ডনে ফিলিস্তিনে হামলা বন্ধে আয়োজিত পদযাত্রা

বিশ্বজুড়ে প্রতিবাদের পরও থামেনি হামলা

গাজার পরিস্থিতি নিয়ে বিশ্ববাসী নীরব ছিল না। যুদ্ধের প্রথম বছরেই বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। শ্রমিক সংগঠনগুলোও আন্দোলনে যুক্ত হয়েছে।

ইসরায়েলের সঙ্গে সামরিক, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার দাবিও জোরালো হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ট্রেড ইউনিয়ন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব আন্দোলনের কিছু বাস্তব ফলও এসেছে। তবে অনেক দাবি পূরণে দীর্ঘ সময় লাগতে পারে। রাজনৈতিক আন্দোলনের সাফল্য সব সময় তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হয় না।

কিন্তু এত বড় আন্দোলনের পরও গাজার মানুষের জীবনে কেন উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি, সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হয়েছে, আন্তর্জাতিক আদালতে আইনি প্রক্রিয়া এগিয়েছে, মানবাধিকার সংগঠনগুলো হামলার তথ্য-প্রমাণ তুলে ধরেছে। তারপরও ইসরায়েলের সামরিক অভিযান ও গাজা ধ্বংসের প্রক্রিয়া থামানোর মতো কার্যকর চাপ তৈরি হয়নি। অন্যদিকে, তাঁবু, কম্বল, তোশকসহ জরুরি ত্রাণসামগ্রী নিয়ে বহু ট্রাক গাজার বাইরে আটকে রয়েছে। প্রয়োজনীয় সহায়তা পৌঁছাতে না পারায় বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।

এ থেকে একটি বিষয় স্পষ্ট- গাজায় কী ঘটছে, তা বিশ্ব জানে। সমস্যাটি তথ্যের অভাব নয়। বরং সেই তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সদিচ্ছার অভাব।

যুদ্ধের ভয়াবহতা কমলে কমে যায় বিশ্ববাসীর আগ্রহ

গাজার প্রতি আন্তর্জাতিক মনোযোগ কমে যাওয়ার পেছনে সংবাদমাধ্যমের আগ্রহ হ্রাস কিংবা দীর্ঘদিনের যুদ্ধ নিয়ে মানুষের ক্লান্তির ভূমিকা রয়েছে। তবে বিষয়টি শুধু এতটুকু নয়। যখন একদিনে শত শত মানুষ নিহত হন, হাসপাতাল ধ্বংস হয় কিংবা বড় কোনো হামলার ঘটনা ঘটে, তখন বিশ্বজুড়ে ক্ষোভ তৈরি হয়। কিন্তু হামলার মাত্রা কিছুটা কমে এলে গাজা নিয়ে আলোচনা ও প্রতিবাদও কমতে থাকে।

যুদ্ধবিরতির পর এমন প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। অনেকের কাছে যুদ্ধবিরতি মানেই পরিস্থিতির উন্নতি। অথচ যুদ্ধবিরতির মধ্যেও হামলা, প্রাণহানি, বাস্তুচ্যুতি ও মানবিক সংকট অব্যাহত রয়েছে।এখানেই সংহতির রাজনীতির একটি বড় সীমাবদ্ধতা সামনে আসে। ফিলিস্তিনিদের দুর্ভোগ যতক্ষণ বড় কোনো ঘটনা হিসেবে সংবাদে থাকে, ততক্ষণ মানুষ প্রতিবাদে সরব থাকে। কিন্তু সেই দুর্ভোগ যখন প্রতিদিনের বাস্তবতায় পরিণত হয়, তখন আগ্রহ কমে যায়। অথচ গাজার মানুষের কাছে সংকটের কোনো বিরতি নেই। বিশ্ব চাইলে সংবাদ দেখা বন্ধ করতে পারে, কিন্তু ফিলিস্তিনিরা নিজেদের দুর্দশা থেকে বেরিয়ে আসার সুযোগ পাচ্ছেন না।

প্রতিবাদ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি রাজনৈতিক চাপ

৩ বছরের অভিজ্ঞতা দেখিয়েছে, শুধু বড় কোনো হামলার পর বিক্ষোভ কিংবা সাময়িক জনরোষ দিয়ে গাজার পরিস্থিতি বদলানো সম্ভব নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি রাজনৈতিক উদ্যোগ ও ধারাবাহিক চাপ। এর অর্থ এই নয় যে বিক্ষোভের কোনো মূল্য নেই। বরং এসব আন্দোলন আন্তর্জাতিক জনমত তৈরি করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নীতি পরিবর্তনে ভূমিকা রেখেছে এবং ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নকে সামনে এনেছে।

তবে প্রশ্ন হচ্ছে, তাৎক্ষণিক ক্ষোভের বাইরে গিয়ে কীভাবে এ আন্দোলনগুলোকে দীর্ঘদিন ধরে সক্রিয় রাখা যায়? কীভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বজায় রাখা সম্ভব, যাতে ইসরায়েলকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহির মুখোমুখি হতে হয়? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফিলিস্তিনিদের জীবন রক্ষার জন্য বছরের পর বছর অপেক্ষা করার সুযোগ নেই। দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজন থাকলেও মানুষের খাদ্য, চিকিৎসা, আশ্রয় ও নিরাপত্তার ব্যবস্থা এখনই নিশ্চিত করতে হবে।

এ জন্য গাজার প্রতি সংহতিকে শুধু যুদ্ধের ভয়াবহ ছবি দেখা কিংবা বড় কোনো হামলার প্রতিবাদ জানানোর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার, স্বাধীনতা এবং দখলদারত্বের অবসানের দাবিকেও গুরুত্ব দিতে হবে।

গাজায় ভারী বৃষ্টিতে জলমগ্ন বাস্তুচ্যুত শিবিরের তাঁবু
গাজায় ভারী বৃষ্টিতে জলমগ্ন বাস্তুচ্যুত শিবিরের তাঁবু

গাজাকে ভুলে যাওয়ার সুযোগ নেই

নাসের হাসপাতালের হামলা, যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের মৃত্যু কিংবা বৃষ্টিতে ডুবে যাওয়া বাস্তুচ্যুতদের আশ্রয়শিবির- প্রতিটি ঘটনাই আন্তর্জাতিক মহলের জন্য উদ্বেগের কারণ হওয়ার কথা। কিন্তু বাস্তবে এসব ঘটনা ধীরে ধীরে মানুষের মনোযোগের বাইরে চলে যাচ্ছে। তিন বছরের যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের পর মানুষের ক্লান্তি অস্বাভাবিক নয়। দীর্ঘদিন ধরে এমন ভয়াবহতা দেখার পর অনেকেই মানসিকভাবে দূরে সরে যেতে পারেন। কিন্তু সেই ক্লান্তির প্রভাব সবার জীবনে এক রকম নয়।

বিশ্বের অনেক মানুষ চাইলে গাজার খবর দেখা বন্ধ করতে পারেন। কিন্তু সেখানকার ফিলিস্তিনিদের প্রতিদিনের বাস্তবতা থেকে পালানোর কোনো সুযোগ নেই। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন শুধু গাজাকে আবার আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে ফিরিয়ে আনা নয়। বরং এমন একটি সংহতির রাজনীতি গড়ে তোলা, যা কোনো বড় হামলা, প্রাণহানি কিংবা সাময়িক জনরোষের ওপর নির্ভর করবে না।

কারণ, গাজার মানুষের বেঁচে থাকার অধিকার কোনো সাময়িক আলোচনার বিষয় নয়। আন্তর্জাতিক মহলের মনোযোগ কমে গেলেও তাদের জীবন, নিরাপত্তা ও অধিকার নিয়ে রাজনৈতিক চাপ অব্যাহত রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

/এমএকে/