শিরোনাম

সামরিক অভিযান নয়, ইরানের বিরুদ্ধে নতুন কৌশল ট্রাম্পের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সামরিক অভিযান নয়, ইরানের বিরুদ্ধে নতুন কৌশল ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা কিংবা দীর্ঘ আলোচনার পথে হাঁটতে আপাতত নারাজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সামরিকভাবে আঘাত না করে বরং অর্থনৈতিকভাবে কোণঠাসা করাকেই কৌশল হিসেবে বেছে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক রাজনীতির এই কৌশলগত অবস্থানকে মার্কিন প্রেসিডেন্ট বর্ণনা করেছেন ‘দাবা খেলা’ হিসেবে।

মার্কিন সংবাদমাধ্যম ‘এক্সিওস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে সামরিক তৎপরতার মনোযোগ কমিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেন। একইসঙ্গে তেহরানের সঙ্গে আলোচনার পরিধিও ওয়াশিংটন সীমিত করে এনেছে বলে জানান তিনি। ট্রাম্পের দাবি, আমেরিকার বর্তমান কঠোর নীতির কারণে ইতোমধ্যেই ইরানে দেখা দিয়েছে তীব্র অর্থসংকট এবং লাগামহীন মূল্যস্ফীতি। তিনি উল্লেখ করেন, ইরানের অর্থনৈতিক অবস্থা এখন এতটাই নাজুক যে দেশটি তাদের নিজেদের সামরিক বাহিনীর সদস্যদের বেতন পর্যন্ত দিতে পারছে না।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এ অর্থনৈতিক চাবুক আরও শক্ত হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, ইরানের সব প্রধান সমুদ্রবন্দরে মার্কিন নৌ-অবরোধ শতভাগ বজায় রাখা হবে, যার ফলে তাদের আর্থিক বিপর্যয় নিকট ভবিষ্যতে আরও মারাত্মক রূপ নেবে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করতে যখন ইরান নতুন কিছু শর্ত দিয়েছেে, ঠিক তখনই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। এর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে কোনো ধরনের আলোচনা বা কূটনৈতিক যোগাযোগ চলছে না।

নিজেদের নেওয়া এ নতুন কৌশল নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী ট্রাম্প। সব ধরনের সামরিক পথ এড়িয়ে অর্থনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে তেহরানকে শেষ পর্যন্ত চুক্তিতে বা নতি স্বীকারে বাধ্য করা যাবে বলে মনে করছেন তিনি। ট্রাম্প বলেন, এ কৌশল অবশ্যই সফল হবে, কারণ পরিস্থিতি এখন পুরোপুরি তাদের হাতের মুঠোয়।

সূত্র: সিএনএন

/এমএকে/