শিরোনাম

লেবাননে সামরিক অভিযান বাড়াতে চায় ইসরায়েল

সিটিজেন ডেস্ক
লেবাননে সামরিক অভিযান বাড়াতে চায় ইসরায়েল
রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলি মন্ত্রীরা। ছবি: দ্য জেরুজালেম পোস্ট

লেবাননে হামলার পাশাপাশি হিজবুল্লাহ কর্মীদের পরিবারের সদস্যদের গ্রেপ্তারের প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। একইসঙ্গে বেশ কয়েকজন মন্ত্রী লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণ এবং প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের বাজেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব করেন তারা।

বৈঠকে উপস্থিত অন্যান্য মন্ত্রীরা অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং প্রতিরক্ষা খাতে অর্থায়ন বাড়ানোর জন্য অনুরোধ করেন।

এ সময় হিজবুল্লাহর বিরুদ্ধে আরও ব্যাপক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বেন-গভির। মন্ত্রিসভার আলোচনায় লেবানন ফ্রন্ট এবং সামরিক অভিযান সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বেন-গভির প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হিজবুল্লাহ কর্মীদের বেসামরিক পরিবেশের ক্ষতিসাধনের প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, ‘হিজবুল্লাহ সম্পর্কে আমাদের গতানুগতিক চিন্তাধারার বাইরে ভাবতে হবে। ভূখণ্ড দখল করা এবং সন্ত্রাসীদের হত্যা করার পাশাপাশি তাদের নারী ও যুবকদের গ্রেপ্তার করে সন্ত্রাসী কারাগারে পাঠানোতে হবে। এটাই তাদের সবচেয়ে বেশি ক্ষতি করবে।’

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ৎজ বলেছেন, আমাদের অবশ্যই অস্ত্রশস্ত্র আরও বাড়াতে হবে।

এদিকে লেবাননের যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক চাপ ও উত্তেজনার মধ্যেই মন্ত্রীদের এই মন্তব্য সামনে এলো। যা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি নেতৃত্বের মধ্যে এক আলোচনার পর লেবাননের উত্তর সীমান্তে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়। তবে এর পরও সরকারের কিছু অংশ লেবাননে সামরিক তৎপরতা আরও বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

/জেএইচ/