শিরোনাম

যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৪

সিটিজেন ডেস্ক
যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৪
২০২৫ সালের ২২শে মার্চ লেবাননের বালবেকে ইসরায়েলি হামলার পর লিতানি নদীর উপর ধোঁয়া উঠছে। ছবি: আনাদোলু এজেন্সি

চলমান যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৪ জন নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ নিশ্চিত করেছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, জেফতা শহরের একটি আশ্রয়কেন্দ্র, স্থানীয় একটি শিয়া প্রার্থনা কেন্দ্র সংলগ্ন এলাকা, একটি সরকারি বিদ্যালয় এবং শহর কেন্দ্রকে লক্ষ্য করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়। ১৭ এপ্রিল একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও তা উপেক্ষা করেই লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পরিসংখ্যান অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতের জেরে লেবাননে এ পর্যন্ত অন্তত ৩,৬১৩ জন নিহত এবং ১১,০৭২ জন আহত হয়েছেন; পাশাপাশি ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

এর আগে রবিবার (৭ জুন) যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েল, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। এ হামলার জবাবে ইরান উত্তর ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে এবং পরবর্তীতে ইসরায়েলও ইরানের বিরুদ্ধে একাধিক দফায় পাল্টা বিমান হামলা চালায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/