শিরোনাম

‘পরিস্থিতি যাই হোক, লেবাননে হামলা চালিয়ে যাবে ইসরায়েল’

সিটিজেন ডেস্ক
‘পরিস্থিতি যাই হোক, লেবাননে হামলা চালিয়ে যাবে ইসরায়েল’
লেবাননের লিতানী নদীর তীরে ইসরায়েলি সেনারা। ইনসেটে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

লেবানন নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দক্ষিণ বৈরুতসহ লেবাননে হামলা বন্ধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে লেবাননের দক্ষিণ অঞ্চলে চলমান হামলা যেকোনো পরিস্থিতিতেই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ড থামবে না।

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই লেবাননে হামলা আরও প্রসারের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

লেবাননের আরও গভীরে অতিরিক্ত ও নতুন ধরনের হামলা চালানো সম্ভব কিনা বর্তমানে দেশটির সেনাবাহিনী সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার ওপর নির্ভর করে চলমান এই হামলার মাত্রা ও ক্ষেত্র আরও বাড়ানো হতে পারে।

কাৎজ বলেন, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করাই ইসরাইলের চূড়ান্ত ও দীর্ঘমেয়াদী লক্ষ্য। তবে এই মুহূর্তে লিতানি নদীর দক্ষিণাঞ্চলে তাদের মনোযোগ।

সম্প্রতি দেশটির বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে দখলদার বাহিনী। নিয়ন্ত্রণে থাকা এই এলাকাগুলো থেকে হিজবুল্লাহর অস্ত্র ও সামরিক সক্ষমতা সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া এবং অঞ্চলটিকে হিজবুল্লাহমুক্ত করাই এখন ইসরাইলি বাহিনীর প্রধান লক্ষ্য বলেও জানান কাৎজ।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/