ইয়েমেন সংঘাত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি: রয়টার্স

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইয়েমেন সংঘাত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি: রয়টার্স
ইয়েমেনের হোদাইদার একটি কারখানা থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে পরাজয় এবং দেশের ভেতরে হামলার কারণে স্বাভাবিক জীবনযাত্রা এলোমেলো হয়ে গেলেও হুথিদের বিরুদ্ধে অভিযান আগামী বছরের অনেকটা সময় ধরে চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। শুধু তাই নয়, রিয়াদ এ সংঘাত আরও জোরদার করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত ২ জন পশ্চিমা কর্মকর্তা।

বৃহত্তর ইরান যুদ্ধের সক্রিয় রণাঙ্গনে পরিণত হওয়া এ সংঘাতে ইয়েমেনে এরই মধ্যে হাজার হাজার মানুষ হতাহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর প্রভাব পড়ছে সৌদির অর্থনীতি ও ভাবমূর্তিতেও- তেল-বহির্ভূত বিনিয়োগ টানা এবং বড় বৈশ্বিক আয়োজন করার চেষ্টায় বড় ধাক্কা লেগেছে। তবে দেশের ভেতরে এখন যুদ্ধের বাস্তবতা নিয়ে জনসচেতনতামূলক বার্তায় পরিবর্তন আসছে এবং ক্ষয়ক্ষতির দিকগুলো আগের চেয়ে বেশি স্বীকার করা হচ্ছে।

সৌদি কর্মকর্তাদের ধারণা, এ অভিযান ছয় মাস পর্যন্ত গড়াতে পারে। হুথিদের সঙ্গে কোনো আলোচনায় বসার আগে নিজেদের ইয়েমেনি মিত্রদের রণক্ষেত্রে সাফল্য এনে দেওয়াই রিয়াদের লক্ষ্য। সৌদি কর্মকর্তাদের সঙ্গে গোপন আলোচনার সূত্রে নাম প্রকাশ না করার শর্তে এতথ্য জানিয়েছেন পশ্চিমা কর্মকর্তারা। সৌদি পরিকল্পনার বিষয়ে জানেন এমন তৃতীয় একটি সূত্রও এতথ্য নিশ্চিত করেছে। তিনজনই মনে করেন, বৃহত্তর ইরান যুদ্ধ থামাতে কোনো চুক্তি হলে ইয়েমেনের সংঘাতও কিছুটা কমে আসতে পারে।

তৃতীয় সূত্রটি জানিয়েছে, রিয়াদ মনে করে ইয়েমেন অভিযানে যুক্তরাষ্ট্র আক্রমণাত্মকভাবে পাশে দাঁড়ালে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে এবং কয়েক সপ্তাহের মধ্যেই কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব। যদিও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন পর্যন্ত সেই সমর্থন আটকে রেখেছে। পশ্চিমা কর্মকর্তাদের দেওয়া এসব তথ্য নিয়ে মন্তব্য করতে রাজি হননি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

২০১৫ সালে আরব জোটের নেতৃত্ব দিয়ে ইয়েমেন যুদ্ধে জড়িয়েছিল সৌদি আরব, যখন হুথিরা রাজধানী সানা ও দেশের বড় অংশ দখল করে নেয়। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত একসময় অচলাবস্থায় গড়ায় এবং ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি এ বছরের গ্রীষ্ম পর্যন্ত টিকে ছিল। যুদ্ধ আবার শুরু হওয়ার পর হুথিরা লোহিত সাগরের উপকূল ও কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে এবং সরকারের অস্থায়ী রাজধানী এডেনের ওপরের উচ্চভূমিতে থাকা তাইজ শহর ঘিরে ফেলেছে।

গত মাসে প্রণালির আশপাশের এলাকা পুনরুদ্ধারে ইয়েমেনের সরকারি বাহিনী পাল্টা আক্রমণ চালালেও এডেন বাঁচাতে গত সপ্তাহের শেষে তাদের পিছু হটতে হয়েছে। এক পশ্চিমা কর্মকর্তার মতে, সৌদি ও ইয়েমেনি বাহিনী এখন নতুন করে গুছিয়ে নিচ্ছে। এডেনকে হুথিদের হাত থেকে রক্ষা করা এবং সম্ভবত পূর্বাঞ্চলীয় রণাঙ্গনে আক্রমণ সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের, যেখানে তারা কিছুটা এগোতে পেরেছে বা অন্তত নিজেদের অবস্থান ধরে রেখেছে। এরই মধ্যে সৌদি আরব জানিয়েছে, তারা সৌদি নেতৃত্বাধীন জোটের তত্ত্বাবধায়ক কমান্ডারকে বদলে দিয়েছে। সংশ্লিষ্ট দুজনের মতে, ইয়েমেনের সরকারও তাদের সামরিক নেতৃত্বে রদবদল আনতে পারে।

শুরুতে সৌদি আরব এ সংঘাতকে কেবল ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখাতে চেয়েছিল, যেখানে তারা মিত্রদের সাহায্য করছে এবং সীমান্তের ওপার থেকে আসা হামলা ঠেকাচ্ছে। কিন্তু সৌদি শহরগুলোতে একের পর এক বড় হামলায় সে অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। গণমাধ্যম থেকে শুরু করে মসজিদ- সবখানেই যুদ্ধের প্রভাব নিয়ে কথা বাড়ছে। গত সপ্তাহে হুথিদের হামলায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর রিয়াদের সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাণঘাতী হামলার ধারাবাহিকতায় অক্টোবর থেকে রিয়াদের বিমানবন্দরে বেশিরভাগ ফ্লাইট বন্ধ রয়েছে।

এ অস্থিরতায় এফআইআই-এর মতো বড় বিনিয়োগ সম্মেলন বাতিল বা স্থগিত হয়েছে। এএফসি এশিয়ান কাপও ২০২৭ সালের জানুয়ারি থেকে পিছিয়ে পরের বছরের ডিসেম্বরে নেওয়া হয়েছে। আগে হামলার বিষয়ে সীমিত তথ্য দিলেও গত মাস থেকে কর্তৃপক্ষ আগাম সতর্কতা দিচ্ছে এবং পরে বিস্তারিত বিবৃতি প্রকাশ করছে। হামলার ছবি ছড়ানো দণ্ডনীয় অপরাধ হলেও হামলার দুই দিন পর রিয়াদের ডেপুটি গভর্নর আরামকো টাওয়ার পরিদর্শনে গেলে রাষ্ট্রীয় গণমাধ্যমে ক্ষয়ক্ষতির ছবি দেখানো হয়। যুদ্ধের বার্তা পৌঁছে গেছে মসজিদের খুতবাতেও।গত শুক্রবার রিয়াদের একটি মসজিদে পুরো খুতবাজুড়েই ছিল হুথি সংঘাতের প্রসঙ্গ।

সূত্র: রয়টার্স

/এমএকে/