হলুদ রেখা পেরিয়ে গাজায় স্থল অভিযান ইসরায়েলের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
 হলুদ রেখা পেরিয়ে গাজায় স্থল অভিযান ইসরায়েলের
গাজায় স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী

২০২৫ সালের যুদ্ধবিরতির চুক্তিতে যে এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছিল, বুধবার (১৮ নভেম্বর) মধ্য গাজার সেই অঞ্চলেই স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। সালাহুদিন সড়ক ধরে ইসরায়েলি ট্যাংকের ভয়ে তাঁবু ছেড়ে পালিয়েছেন অনেক ফিলিস্তিনি। যুদ্ধবিরতি সই হওয়ার পর ইসরায়েল ও হামাসের সীমানা নির্দেশক হলুদ রেখা পেরিয়ে ট্যাংক ঢোকার ঘটনা এটিই প্রথম।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হলুদ রেখার পশ্চিমে থাকা একটি সুড়ঙ্গ ধ্বংস করতেই তাদের এ অভিযান। অন্যদিকে, হামাস একে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন ও বিপজ্জনক উসকানি বলে অভিহিত করেছে।

নতুন হামলার আতঙ্কে এলাকার বাসিন্দারা নিজেদের জিনিসপত্র বাইসাইকেল, হুইলচেয়ার ও গাড়িতে চাপিয়ে এলাকা ছাড়তে শুরু করেন। সালাম আকল নামের এক বাসিন্দা জানান, সেনাবাহিনী তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। তিনি বলেন, কিন্তু আমরা থাকতে চেয়েছিলাম, কারণ বারবার বাস্তুচ্যুত হতে হতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি।

তিনি আরও বলেন, আমরা ক্লান্ত, আল্লাহর কসম, আমরা খুবই ক্লান্ত। কিন্তু আমরা যখন সেখানে বসেছিলাম, তখন গুলি আসতে শুরু করে। এক কিশোর গুলিবিদ্ধ হলে ভয়ে তারা আর সেখানে থাকতে পারেননি।

ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, অভিযানের স্থানের কাছে বিমান হামলায় একজন এবং দেইর আল-বালাহ ও গাজা সিটিতে আলাদা ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন। তবে ইসরায়েলি বাহিনী কেবল গাজা সিটিতে এক যোদ্ধাকে হত্যার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি গাজায় হামলা পুরোপুরি থামাতে পারেনি। উল্টো ইসরায়েল গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে, আর হামাসের হাতে রয়েছে উপকূলের সামান্য অংশ। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবমতে, যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি ও ৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৭৪ হাজার।

সূত্র: রয়টার্স

/এমএকে/