বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার
প্রতীকী ছবি

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। এদিন সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১২ জন কর্মী নিয়ে প্রথম ফ্লাইটটি মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াগামী কর্মীদের প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন। প্রথম দফায় যাওয়া ১১২ কর্মী মালয়েশিয়ার আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএলে কাজ করবেন। নিয়োগদাতা প্রতিষ্ঠান তাদের যাতায়াতসহ সব খরচ বহন করবে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে। তাদের মধ্যে এক হাজার কর্মী হবেন গুম ও খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিরা।

বোয়েসেল সূত্রে জানা গেছে, সম্পূর্ণ বিনা খরচে এসব কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

এ নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচিত করা হয়।

তবে দুই দিনব্যাপী সাক্ষাৎকারে নির্বাচিত ৩০০ জনের মধ্যে কয়েকজন প্রার্থী অনুপস্থিত ছিলেন। এ কারণে তাদের বাদ দিয়ে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন করে আরও ৫০ জনকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরবর্তী সময়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছিলো। তবে ১০১টি এজেন্সির একটি সিন্ডিকেটের মাধ্যমে কর্মী নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে দেশটিতে কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।

এর আগে, ২০০৮-২০১২, ২০১৬-২০১৮ এবং ২০১৯-২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে একই ধরনের সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছিলো।

/এসবি/