বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য (বাঁয়ে) ও সোনিয়া গান্ধী (ডানে)

১৯৯২ সালের ডিসেম্বরের সেই রাতে বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য যখন টেলিভিশনের পর্দায় ভেসে উঠছিল, তখন তা দেখে নিজেকে সামলাতে পারেননি সোনিয়া গান্ধী। কংগ্রেস চেয়ারপারসনের ভাষ্যমতে, টিভির সামনে বসে অঝোরে কেঁদেছিলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আসন্ন আত্মজীবনী নিয়ে কথা বলতে গিয়ে সেই মর্মান্তিক অভিজ্ঞতার স্মৃতিচারণ করেছেন তিনি। সোনিয়া জানান, ও একটি ঘটনা তাকে গভীরভাবে বুঝিয়ে দিয়েছিল যে ভারতে ধর্মনিরপেক্ষতার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই কতটা কঠিন ও দীর্ঘ হতে যাচ্ছে। কেবল তা-ই নয়, নিজের দলের ব্যর্থতা মেনে নিয়ে তিনি স্বীকার করেন, কংগ্রেসের অহেতুক আত্মতুষ্টি ও ঢিলেঢালা ভাবই তখন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির রাজনীতিকে চাঙ্গা হওয়ার সুযোগ করে দিয়েছিল।

সোনিয়া গান্ধীর এ সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই ভারতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। খবরটি সামনে আসার পরপরই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। দলটির সংসদ সদস্য সুধাংশু ত্রিবেদী ক্ষোভ প্রকাশ করে বলেন, কংগ্রেস এখনো মোঘল শাসক বাবরের প্রতি তাদের সেই পুরোনো অন্ধ টান ও সহানুভূতির রাজনীতি আঁকড়ে ধরে রেখেছে। বিজেপি সাংসদ আরও প্রশ্ন তোলেন, সোনিয়ার স্বামী প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিজেই তো অযোধ্যা নিয়ে অন্যরকম রাজনৈতিক চাল চেলেছিলেন, তবে সোনিয়া আজ কোন মুখে এসব বলছেন? একই সঙ্গে তিনি জানতে চান, ১৯৯২ সালে ঠিক কোন টিভি চ্যানেলে সোনিয়া গান্ধী বাবরি মসজিদ ভাঙার সরাসরি সম্প্রচার দেখে চোখের জল ফেলেছিলেন, তা পরিষ্কার করা উচিত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএকে/