যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই ইরানে হামলা চালাবে ইসরায়েল

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই ইরানে হামলা চালাবে ইসরায়েল
গাদি আইজেনকট ও বেঞ্জামিন নেতানিয়াহু

ওয়াশিংটনের সামরিক সহায়তা না মিললেও ইরানে আঘাত হানার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি ইসরায়েলের রয়েছে। দেশটির সামরিক মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, প্রয়োজন পড়লে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াই তারা এককভাবে ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে সক্ষম।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডেফরিন বলেন, ‘আমরা যেকোনো মুহূর্তে শক্তি প্রয়োগ করে হামলা চালাতে প্রস্তুত, এমনকি আমেরিকানদের ছাড়াও।’ ইরানকে এখনো নিজ দেশের অস্তিত্বের জন্য বড় হুমকি মনে করছে তেল আবিব। ডেফরিনের দাবি, ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার যে পরিকল্পনা তেহরান নিয়েছে, তা এখনো থেমে যায়নি।

২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার হুমকি চলছে। দুই দেশের চরম এ উত্তেজনার মধ্যেই ইসরায়েলি মুখপাত্রের কথায় পরিষ্কার হলো, তেহরানে অভিযান চালাতে তারা যুক্তরাষ্ট্রের সরাসরি সহযোগিতার অপেক্ষায় বসে থাকবে না।

এর আগে সেপ্টেম্বরেও ইরানকে কড়া হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সে সময় তিনি বলেছিলেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তবে তাদের সামরিক বাহিনী ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেবে’ এবং পুরো দেশটিকে অন্ধকারে ডুবিয়ে দেবে।

ইরানের সঙ্গে এমন উত্তেজনার পাশাপাশি গাজা উপত্যকাতেও থেমে নেই ইসরায়েলি তাণ্ডব। ড্রোন, হেলিকপ্টার আর যুদ্ধবিমান নিয়ে সেখানে হামলার মাত্রা আরও বাড়ানো হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/