সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
আদালতে মুমতারিন ফেরদৌস ডরিন

কলকাতায় খুন হওয়া সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে ডরিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন যাত্রাবাড়ী থানার এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই মো. শাহাদাত হোসেন নাফিজ। আবেদনে উল্লেখ করা হয়, গোপন খবরের ভিত্তিতে ডরিনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাই মূল রহস্য উদঘাটনে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা জরুরি।

আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, মামলার অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার, বিস্ফোরক সম্পর্কে তথ্য জানা এবং অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য রিমান্ড প্রয়োজন। বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। তিনি ছাত্রলীগের সামনের সারির কর্মী ছিলেন। তদন্তে এ ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

অন্যদিকে, রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে ডরিনকে প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদের আর্জি জানান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। শুনানিতে তিনি বলেন, মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও আইনের শিক্ষার্থী। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনৈতিক মামলায় তাকে হয়রানি করা হচ্ছে। দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত নন।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ৯ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একদল দুষ্কৃতিকারী জড়ো হয় এবং সেখানে ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনার পরপরই যাত্রাবাড়ী থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

/এমএকে/