ইসরায়েলি হামলায় গাজার উপশিক্ষামন্ত্রীসহ নিহত ৯

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইসরায়েলি হামলায় গাজার উপশিক্ষামন্ত্রীসহ নিহত ৯
গাজার উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলার মধ্যেই টানা তৃতীয় রাতের ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে অন্তত নয়জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় হামাস নিযুক্ত শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হন। স্থানীয় চিকিৎসাকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া শহরের আল-তুফাহ মহল্লা ও বিচ শরণার্থী শিবিরে দুটি পৃথক বিমান হামলায় ছয়জন এবং পরবর্তীতে আল-বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি গুলিতে ৬২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে ইসরায়েলি অভিযানে নিহত তৃতীয় শীর্ষ হামাস কর্মকর্তা হলেন আবু নাদা। এর আগে আরও দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের শীর্ষ নেতাদের নির্মূল করতে চলমান অভিযানের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। গত এক মাসে প্রায় ৮০ জন হামাস সদস্যকে হত্যার দাবি করেন তিনি। নেতানিয়াহু বলেন, কোনো সন্ত্রাসীই নিরাপদ নয় এবং হামাসের নেতৃত্বের হাত থেকে কেউই রেহাই পাবে না। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আবু নাদা হামাসের অর্থনৈতিক ও ব্যাংকিং নেটওয়ার্ক সামলাতেন এবং সামরিক খাতে তহবিল জোগাতেন। ফলে তার মৃত্যুতে হামাসের আর্থিক ও সামরিক সক্ষমতা দুর্বল হবে। তবে বাকি সাতজনের মৃত্যুর বিষয়ে ইসরায়েলি বাহিনী কোনো মন্তব্য করেনি।

এদিকে, আবু নাদা ও তার স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে হামাস জানিয়েছে, তিনি শিক্ষা উপমন্ত্রীর পাশাপাশি সংগঠনটির রাজনৈতিক ব্যুরোরও সদস্য ছিলেন। তবে ইসরায়েলের আনা অর্থনৈতিক অভিযোগের বিষয়ে তারা কিছু বলেনি। হামাসের বিবৃতিতে বলা হয়, শিক্ষাকর্মী ও বেসামরিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে দখলদারিত্বের সন্ত্রাসী হামলা একটি জঘন্য অপরাধ, এটি দখলদারিত্বের কুৎসিত চেহারা উন্মোচন করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনাটি গাজায় সহিংসতা থামাতে বা হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হয়েছে। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১,৬০০ ফিলিস্তিনি ও ৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইসরায়েলি বাহিনীর দখলে, আর উপকূলীয় একটি সরু অংশে হামাসের নিয়ন্ত্রণ রয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ১,২০০ জন নিহত ও আড়াই শতাধিক মানুষ জিম্মি হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের পাল্টা অভিযানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো অঞ্চলের মানুষ বাস্তুচ্যুত হয়ে দুর্ভিক্ষের মুখে পড়েছেন। জাতিসংঘ ও গবেষকরা একে গণহত্যা বললেও ইসরায়েল আত্মরক্ষার দাবি করে তা অস্বীকার করে আসছে।

সূত্র: আরব নিউজ

/এমএকে/