গাজায় বালির বাঁধ ধসে নারী-শিশুসহ নিহত ৫

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
গাজায় বালির বাঁধ ধসে নারী-শিশুসহ নিহত ৫
গাজা উপত্যকার দেইর আল-বালাহতে বালির বাঁধ ধসে দুই নারী ও তিন শিশু নিহত হয়েছে

রবিবার (৮ নভেম্বর) গাজা উপত্যকায় তীব্র ঝড়ের তাণ্ডবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর একটি বিশাল বালির বাঁধ ধসে ৩ শিশু ও ২ নারী নিহত হয়েছেন। এছাড়া দেইর আল-বালাহ-র অস্থায়ী শিবির থেকে আরও পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা অনুসন্ধান ও উদ্ধারকারী দল। দুর্ঘটনাস্থলে এখনও নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে গাজায় ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, সপ্তাহের শেষে তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে উপত্যকাজুড়ে প্রবল বৃষ্টি ও তীব্র বাতাস বয়ে যায়। এর ফলেই বিশাল বালুময় বাঁধ ও তার চারপাশের মাটির ঢিবিগুলো ভেঙে তাঁবুর ওপর ধসে পড়ে।

প্রবল বর্ষণে পুরো গাজা জুড়ে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর আনুমানিক ৭০ হাজার অস্থায়ী তাঁবু প্লাবিত হয়েছে। ফলে হাজার হাজার মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েছেন। ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত মানুষের এমন অবর্ণনীয় ও অবনতিশীল পরিস্থিতির জন্য সরাসরি ইসরায়েলের সামরিক অভিযান ও চলমান অবরোধকে দায়ী করছে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি কেবল প্রতিকূল আবহাওয়ার ফল নয়। এটি দীর্ঘস্থায়ী ইসরায়েলি গণহত্যা, অবকাঠামোর ব্যাপক ধ্বংসযজ্ঞ, অব্যাহত বাস্তুচ্যুতি এবং অত্যাবশ্যকীয় মানবিক সহায়তা ও পর্যাপ্ত আশ্রয় প্রদানে অস্বীকৃতির প্রত্যক্ষ পরিণতি।

মন্ত্রণালয় আরও জানায়, পুরো গাজায় থাকা প্রায় ২ লাখ ৭০ হাজার তাঁবুতে বর্তমানে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি ভয়াবহ মানবিক পরিস্থিতিতে বসবাস করছেন। এর মধ্যে আনুমানিক ৬০ থেকে ৮৫ শতাংশ তাঁবু জীর্ণ ও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে চার লাখেরও বেশি মানুষ এখন বন্যা, বৃষ্টির জমে থাকা পানি এবং উপকূলীয় ঝুকির সম্মুখীন।

রবিবার এক বিবৃতিতে হামাস জানায়, ঘটনাটি গাজা উপত্যকার ওপর জায়নবাদী দখলদারিত্ব কর্তৃক চাপিয়ে দেওয়া অপরাধমূলক নীতির প্রত্যক্ষ ফল। এ দখলদারিত্ব ২০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করেছে এবং তাদেরকে গাজা উপত্যকার এক-তৃতীয়াংশের চেয়েও কম ভূখণ্ডে, জনাকীর্ণ এলাকা ও এমন সব আশ্রয়কেন্দ্রে আটকে রেখেছে, যেখানে নিরাপত্তা ও সুরক্ষার ন্যূনতম মানটুকুও নেই।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএকে/