বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল উত্থাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল উত্থাপন
সংসদ অধিবেশন

বগুড়া ও এর আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ ও উন্নয়নের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ শীর্ষক বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বিলটি পাস হলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) আদলে গঠিত হবে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)।

সংসদে উত্থাপিত বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, বগুড়া ও এর আশপাশের এলাকায় একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অপরিকল্পিত নগরায়ণ রোধ, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষম নগর ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টিও বিলে গুরুত্ব পেয়েছে।

বিলে বলা হয়েছে, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র বগুড়ায় জনসংখ্যা ও নগরায়ণ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক নাগরিক সুবিধার চাহিদা। এসব বিষয় বিবেচনায় নিয়ে এলাকার দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে নতুন এ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিলটির খসড়া গত ২৩ জুলাই মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। পরে ২৬ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেয়। ১৯ আগস্ট বিলটির ভেটিং সম্পন্ন হয়। পরে অর্থ বিল হিসেবে বিবেচিত হওয়ায় গত ১৭ অক্টোবর অর্থ বিভাগের মাধ্যমে রাষ্ট্রপতির সুপারিশ নেওয়া হয়।

আইনটি প্রণীত হলে বগুড়া ও আশপাশের এলাকার সমন্বিত উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুবিধা বাড়ানোর জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে। একই সঙ্গে অপরিকল্পিত নগরায়ণ ঠেকানো এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে প্রস্তাবিত বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ।

/এমআর/